মামলা থেকে নাম প্রত্যাহার নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাঈমুল ইসলাম রিয়াদ হত্যা মামলা থেকে ছাত্রলীগের নেতাদের নাম প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সংগঠনটির একাংশ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অন্যদিকে আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে সংগঠনের অপর অংশ। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের পাল্টাপাল্টি এ কর্মসূচিতে শহরে উত্তেজনা বিরাজ করে। তবে পুলিশ সতর্ক থাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাঈমুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাঈমুলের মামা রফিকুল ইসলাম বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১২ জনকে আসামি করা হয়।
আনোয়ার হোসেনসহ জেলা ছাত্রলীগের ছয় নেতার নাম মামলা থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করার জন্য ছাত্রলীগের একাংশ গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চিত্রা মোড়সংলগ্ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। অন্যদিকে আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রায় একই সময় ছাত্রলীগের অপর অংশ শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে ঢোকে। ওই মিছিলটি চিত্রার মোড়ে এলে দুই পক্ষ মুখোমুখি হয়। এ সময় উভয় পক্ষই উসকানিমূলক স্লোগান দেয়। পরে পুলিশ মিছিলটি অন্য দিকে ঘুরিয়ে দেয়। এরপর অপর অংশ দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে কোতোয়ালি থানাসংলগ্ন চৌরাস্তা মোড় ঘুরে ব্যস্ততম দড়াটানা মোড়ে গিয়ে সমবেত হয়। সেখানে সড়ক বন্ধ করে জেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সল খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান প্রমুখ।
জানতে চাইলে পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, ‘মামলার গুরুত্ব বুঝে এটি তদন্তের জন্য কোতোয়ালি থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অচিরেই আসামিরা গ্রেপ্তার হয়ে যাবে।’