মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি নজরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর আপিল মামলায় আসামিপক্ষের আইনজীবী থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট বিভাগ থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে তৃতীয় দিনের মতো মীর কাসেমের আপিলের শুনানি শুরু হলে সদ্য সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী আসামিপক্ষে মামলা পরিচালনা থেকে নিজেকে প্রত্যাহারের কথা জানান। পরে তিনি এজলাসকক্ষ ত্যাগ করেন।
এরপর আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে শুনানি আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপর নিজেকে নির্দোষ দাবি করে ও খালাস চেয়ে আপিল করেন তিনি।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেন, মীর কাসেমের আপিলের শুনানিতে তিনি অংশ নিয়েছিলেন। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইনজীবী হিসেবে এটা করার অধিকার তাঁর রয়েছে। এটা অসাংবিধানিক ও অনৈতিক নয়। তিনি বলেন, ‘প্রচণ্ড বৈরী’ পরিবেশের কারণে তিনি মীর কাসেমের মামলার শুনানি থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন।
নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন, গত ডিসেম্বরে তিনি অবসরে যান। চলতি বছরের জানুয়ারি থেকে একজন আইনজীবী হিসেবে আপিল বিভাগে বিভিন্ন মামলার শুনানিতে অংশ নিচ্ছেন। ওই সব মামলার শুনানি চলাকালে অ্যাটর্নি জেনারেল তাঁর বিষয়ে কোনো আপত্তি তোলেননি। কিন্তু মীর কাসেমের মামলায় অংশ নিলে তাঁর বিষয়ে প্রশ্ন তোলা হয়। এটা অনাকাঙ্ক্ষিত।
মীর কাসেমের পক্ষে মামলা পরিচালনা থেকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর সরে দাঁড়ানোকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি সাংবাদিকদের বলেন, সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী হাইকোর্টের বিচারক হিসেবে অবসরকালীন সুবিধায় সরকারি বাসভবন, গাড়ি ও গানম্যানসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিচ্ছেন। এমন অবস্থায় আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করা নৈতিকতাবিরোধী।
১০ ফেব্রুয়ারি মীর কাসেমের আপিলের শুনানিতে আসামিপক্ষে অংশ নেন নজরুল ইসলাম চৌধুরী। সেদিন শুনানির শুরুতে আসামিপক্ষে তাঁর মামলা পরিচালনার বিষয়ে আপত্তি জানান অ্যাটর্নি জেনারেল।
গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি হিসেবে অবসরে যান নজরুল ইসলাম চৌধুরী। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয়ের সূত্র বলেছে, উচ্চ আদালতের বিচারপতিরা অবসরে যাওয়ার পর এক বছর পর্যন্ত সরকারি গাড়ি ও বাসস্থানের সুবিধা পান।
নিষেধাজ্ঞা চেয়ে রিট: হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারকদের আপিল বিভাগে মামলা পরিচালনা করার ওপর নিষেধাজ্ঞা চেয়ে গতকাল একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।