মামলা দায়ের, সোর্সসহ ৪ জন গ্রেপ্তারের পর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন সংবাদদাতার (সোর্স) ভুল তথ্যের কারণে গত ২১ মে সাতক্ষীরার নথুয়ারডাঙ্গা গ্রামে অস্ত্র উদ্ধারের অভিযানকালে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল দাবি করে গত মঙ্গলবার ঢাকায় র‌্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। এর একদিন পর গতকাল বুধবার সকালে পুলিশ সাতক্ষীরা সদর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। এই মামলার দুই আসামিসহ গ্রেপ্তার করা চারজনকে গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী খাঁন জানান, র‌্যাব-৬ খুলনার উপসহকারী পরিচালক (ডিএডি) আমির হোসেন বাদী হয়ে গতকাল সকালে র‌্যাবের সোর্স সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম, আলীপুর গ্রামের কবির হোসেন ওরফে ভুট্টো, আলীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ, তাঁর ছেলে মো. সেলিম ও তাঁর ইটভাটার ব্যবস্থাপক আলীপুর গ্রামের এনামুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। এর মধ্যে গ্রেপ্তার হওয়া আমিরুল ইসলাম ও কবির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। হামিক এস এম শামছুল আরেফিন আজ বৃহস্পতিবার আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। আলীপুর গ্রামের নূরুজ্জামান ওরফে পল্টু ও হাদিউজ্জামান ওরফে বাদশাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এজাহারে উল্লেখ করা হয়, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফের সঙ্গে নাথুয়ারডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। শফিকুল ইসলামকে ফাঁসাতে আবদুর রউফ র‌্যাবের সোর্স আমিরুল ইসলামকে টাকা দেন। পরিকল্পনা অনুযায়ী ২১ মে রাতে শফিকুল ইসলামের নাথুয়ারডাঙ্গা গ্রামের বাড়িতে অস্ত্র রেখে আসেন আবদুর রউফের ছেলে মো. সেলিম ও গ্রেপ্তার হওয়া কবির হোসেন।