মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের পেটে মার্বেল ও পাথর ঢুকিয়ে তা বিক্রি করার ঘটনায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে বরিশালের ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সায়েম এন্টারপ্রাইজের মালিক মোশাররফ হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। যোগাযোগ করা হলে মামলার বাদী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বরিশাল ইলিশ মোকামের শাহীন ট্রেডার্স থেকে তাঁর প্রতিষ্ঠানে ইলিশ মাছ আনা হয়। এর মধ্যে দুটি ইলিশের পেটে মার্বেল ও পাথর পাওয়া যায়। শাহীন ট্রেডার্সের পরিচালক মো. সেলিম তাঁকে জানিয়েছেন, ওই মাছ সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার পাইকারি ব্যবসায়ী জাকির হোসেন সরবরাহ করেছেন। পরবর্তী সময় জাকির হোসেনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।শাহীন ট্রেডার্সের পরিচালক মো. সেলিম বলেন, ‘সায়েম ট্রেডার্সে আমাদের প্রতিষ্ঠান থেকে মাছ সরবরাহ করা হয়েছে, এটা সত্য। কিন্তু যেহেতু সায়েম ট্রেডার্সে বসে ইলিশের পেটে মার্বেল ও পাথর পাওয়া গেছে, তাই আমাদের হয়ে তিনিই (মোশাররফ হোসেন) মামলা করেছেন।’বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান বলেন, আসামিকে গ্রেপ্তারে বন্দর থানা পুলিশ অভিযান শুরু করেছে।বরিশাল মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত দাস গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভবিষ্যতে যে আড়তে এ ধরনের মাছ পাওয়া যাবে, অ্যাসোসিয়েশন থেকে তাদের সদস্যপদ বাতিল করা হবে এবং এই মোকামে যাতে ব্যবসা করতে না পারে, সে ব্যবস্থাও নেওয়া হবে।’ উল্লেখ্য, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র মাসরেফুল ইসলাম গত মঙ্গলবার নগরের পোর্ট ইলিশ মোকামের একটি আড়ত থেকে এক ফড়িয়ার মাধ্যমে ছয়টি মাছ কেনেন। এর মধ্যে দুটির পেটে মার্বেল ও পাথর পাওয়া যায়। পরে ওই মোকামের শাহীন ট্রেডার্স ও সায়েম এন্টারপ্রাইজেও ইলিশের পেটে মার্বেল ও পাথর পাওয়া যায়।