মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নে নির্বিচারে পাহাড় কাটার ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে প্রশাসনের পক্ষ থেকে কসবা থানায় দুটি মামলা করা হয়েছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কাশেম মামলা দুটি করেন। 

এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামের হালিম মিয়া মাদলা মৌজা এবং কোল্লাপাথর গ্রামের আক্তার হোসেন কোল্লাপাথর মৌজায় পাহাড় কেটে ভূমির শ্রেণী পরিবর্তন করেছেন। এটা ফৌজদারি অপরাধ। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের কোল্লাপাথর, মাদলা, নোয়াপাড়া, ধোপাখলা, সাগরতলা ও বেলতলী গ্রামে অবাধে পাহাড় কাটা হচ্ছে। গত বৃহস্পতিবার প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘নির্বিচারে পাহাড় কেটে মাটি বিক্রি’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান বলেন, পাহাড় কেটে ভূমির শ্রেণী পরিবর্তন করা ফৌজদারি অপরাধ। এ অপরাধে হালিম মিয়া ও আক্তার হোসেনের বিরুদ্ধে ইমারত আইনে মামলা হয়েছে। পাশাপাশি অন্য যেসব গ্রামে পাহাড় কাটা হচ্ছে, সেগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।