মামলা দায়ের, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত সন্দেহে গত শুক্রবার রাতে একজনকে আটক করেছে পুলিশ। হামলার ঘটনায় গতকাল শনিবার নেত্রকোনা মডেল থানায় একটি মামলা হয়েছে।
শুক্রবার ওই সম্মেলনের একপর্যায়ে তুমুল হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ি হয়। এ ঘটনার ছবি তুলতে গিয়ে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের হামলায় আহত হন প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী ও ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল। পল্লবকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার সকাল ১০টায় শহরের পাবলিক হলে মহিলা আওয়ামী লীগের জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন সাংসদ আশরাফ আলী খানের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কামরুন্নেছা আশরাফকে সভাপতি, সাবেক সাংসদ ফজলুর রহমান খানের মেয়ে হাবিবা রহমান খানকে সাধারণ সম্পাদক এবং আয়েশা আক্তারকে যুগ্ম সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন। কাউন্সিল অধিবেশন ছাড়াই এ কমিটি ঘোষণার ফলে সম্মেলনস্থলে হট্টগোল শুরু হয়।
ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা-কর্মী ‘কমিটি মানি না, মানি না’ বলে স্লোগান দিয়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু করেন। এ ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদের ধাওয়া করেন ওই নেতা-কর্মীরা। একপর্যায়ে তাঁরা জেলা প্রেসক্লাবের অদূরে সাংবাদিক পল্লব চক্রবর্তী এবং শ্যামলেন্দু পালের ওপর হামলা চালান। হামলাকারীরা পল্লব চক্রবর্তীকে চেয়ার দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। তিনি মাথায়, শরীরে ও পায়ে আঘাত পেয়েছেন। শ্যামলেন্দু পালের হাতের কয়েকটি স্থানে কেটে যায়। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
পল্লব চক্রবর্তী বলেন, ঘটনার পর তিনি উপমন্ত্রীর কাছে হামলার ঘটনার বিচার দাবি করেন। এ সময় তাঁর ওপর আবার হামলার চেষ্টা হয়। তবে উপমন্ত্রী, পুলিশসহ উপস্থিত লোকজন তাঁকে রক্ষা করেন।
পুলিশ শুক্রবার রাত ১১টার দিকে আসাদ উল্লাহ ও মিজান নামের দুই যুবককে আটক করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে মিজানকে গতকাল বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে শ্যামলেন্দু পাল বাদী হয়ে গতকাল দুপুরে নেত্রকোনা মডেল থানায় মামলা করেছেন। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।
নেত্রকোনা মডেল থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, ঘটনার সময় ধারণকৃত ভিডিও চিত্র ও স্থিরচিত্রের মাধ্যমে হামলাকারী ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।