কুষ্টিয়া সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া গ্রামে গত শনিবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেরামত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইমান আলী ও শাহাবুদ্দিন নিহত হন। তাঁরা দুজনই কেরামত আলীর পক্ষের লোক। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, নিহত ইমান আলীর চাচাতো ভাই কামরুল হাসান বাদী হয়ে ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। সাতজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁরা হলেন রাহেন আলী, মোবারক হোসেন, আবদুল আজিজ, কুতুব উদ্দিন, আজিম উদ্দিন, শামীম ও মাওলা।
নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, মামলায় ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনকে প্রধান ও মাজপাড়া গ্রামের ইউপি সদস্য ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদকে ২ নম্বর আসামি করা হয়েছে। অধিকাংশ আসামিই বখতিয়ার হোসেনের সমর্থক।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে গতকাল সদর উপজেলার সবগুলো ইউনিয়নের নেতা ও দলীয় চেয়ারম্যানদের নিয়ে জরুরি বৈঠক করেছে জেলা আওয়ামী লীগ। দুপুরে শহরে বঙ্গবন্ধু মার্কেটে দলীয় কার্যালয়ে এ বৈঠক হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম আখতারুজ্জামান মাসুম বলেন, প্রত্যেক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় চেয়ারম্যানদের ডাকা হয়েছিল। এলাকায় শান্তিপূর্ণভাবে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ বিরোধে জড়ালে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানানো হয়েছে।