নাটোরে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাসায় হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশ গতকাল বুধবার ভোরে যুবলীগের নেতা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে। সাব্বির হোসেনকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন সাবেক প্রতিমন্ত্রী।
নাটোর সদর থানা সূত্র জানায়, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলীর নাটোরের বাসভবনে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহর যুবলীগের সদস্য সাব্বির হোসেনকে গতকাল ভোরে কানাইখালী এলাকা থেকে আটক করা হয়। মঙ্গলবার রাতেই ওই ঘটনায় আহাদ আলী বাদী হয়ে মামলা করেন। এতে সাব্বির হোসেনের নাম উল্লেখ করে অপরিচিত আটজনকে আসামি করা হয়েছে। সাব্বিরকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, আসামি যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে পুলিশ সচেতন রয়েছে।
গত মঙ্গলবার রাত নয়টার দিকে দুর্বৃত্তরা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলীর কানাইখালীর বাসায় ঢুকে তাঁর পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করে।