মামলা দিয়ে আন্দোলন থেকে সরানো যাবে না: খোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা অভিযোগ করেছেন, আন্দোলন ঠেকাতে তিনিসহ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে সরকার একের পর এক মামলা দিচ্ছে। তিনি বলেন, মামলা দিয়ে তাঁকে আন্দোলন থেকে সরানো যাবে না। গতকাল শুক্রবার বিএনপির মহানগর কার্যালয়ে চারদলীয় জোটের ঢাকা মহানগর কমিটির সভায় সভাপতির বক্তব্যে সাদেক হোসেন এ কথা বলেন।দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার একটি মামলা করেছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি এ বক্তব্য দেন।সভায় আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর নায়েবে আমির হামিদুর রহমান আযাদ ও নগর সেক্রেটারি নুরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মহানগর সভাপতি মো. আবুল কাশেম, শেখ লোকমান হোসেন প্রমুখ। সভায় চারদলীয় জোটের সমমনা দলগুলোর মধ্যে কল্যাণ পার্টি, খেলাফত মজলিস, এনপিপি, জাগপা, জমিয়তে উলাময়ে ইসলামী, ইসলামিক পার্টি, লেবার পার্টি, ন্যাপ ও এনডিপির নেতারা উপস্থিত ছিলেন।