মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানি করার অভিযোগ
জমি নিয়ে মামা-ভাগনের বিরোধ। এর জের ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। থানায় অভিযোগ দেওয়া হয় ছিনতাইয়ের। পুলিশ মামলা নেয় দ্রুত বিচার আইনে। প্রতিপক্ষের অভিযোগ, তাদের নামে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
সুনামগঞ্জের ছাতক উপজেলার পালপুর গ্রামে গত মাসে ঘটনাটি ঘটে। মামলার বাদী একই গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী লিয়াকত আলী (৫৪)। তিনি গত ২৮ মে ছাতক থানায় মামলাটি করেন। মামলায় লিয়াকত আলীর প্রতিপক্ষ নূর মিয়া (৭৫), আলমাছ আলীসহ ২১ জনকে আসামি করা হয়েছে।
লিয়াকত আলী মামলার এজাহারে উল্লেখ করেছেন, তিনি সপরিবারে লন্ডনে থাকেন। তাঁর গ্রামের বাড়িটি দেখাশোনা করেন তাঁর আত্মীয় মো. ছাদেক। একই গ্রামের নূর মিয়ার সঙ্গে তাঁর জমি নিয়ে বিরোধ আছে। গত মার্চ মাসে তিনি দেশে এসেছেন। গত ২৮ মে সকালে তিনি স্ত্রী-পুত্র ও ছাদেককে নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশায় বাড়ি থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন। নূর মিয়ার বাড়ির সামনে এলে নূরসহ মামলার আসামিরা পথরোধ করেন এবং ছাদেকসহ তাঁকে মারধর করেন। এ সময় আসামিরা তাঁদের কাছ থেকে দুই লাখ টাকা, চার হাজার ১০০ পাউন্ড, একটি সোনার চেইনসহ অন্যান্য মালামাল নিয়ে যান।
মামলায় সাক্ষী করা হয়েছে একই গ্রামের অটোরিকশাচালক মাসুক মিয়া, বাদীর স্ত্রী-পুত্রসহ কয়েকজন আত্মীয়কে। তবে মাসুক মিয়া বলেন, তাঁরা সিলেটে নয়, ছাতক যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হয়ে গ্রামের মসজিদের সামনে আসার পর এক ব্যক্তি অটোরিকশার গতিরোধ করেন। পরে ছাদেকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এরপর এলাকার লোকজন তাঁদের চলে যেতে বলেন।
বারগোপী গ্রামের কয়েকজন বলেন, লিয়াকত আলী এবং তাঁর ভাগনে যুক্তরাজ্যপ্রবাসী সাহাব উদ্দিনের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ আছে। লিয়াকত আলী তাঁর এক একর জমি বিক্রি করতে চাইলে ভাগনে সাহাব উদ্দিন ও বোন ছুরেছা বেগম বাধা দেন। এই বিরোধ নিষ্পত্তির জন্য গ্রামে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু কোনো মীমাংসা হয়নি। এলাকার মুরব্বি হিসেবে বৈঠকে নেতৃত্ব দেন নূর মিয়া। এ কারণে লিয়াকত মামলা দিয়ে নূর মিয়াকে হয়রানি করছেন।
নূর মিয়া বলেন, লিয়াকত আলীর ধারণা তিনি (নূর মিয়া) সাহাব উদ্দিনদের বললে তাঁরা হয়তো মামাবাড়ির সম্পত্তির দাবি ছেড়ে দেবেন। কিন্তু তিনি সেটি করেননি। এ ছাড়া লিয়াকত আলীর সঙ্গে তাঁর আর কোনো বিরোধ নেই। তিনি বলেন, ‘অবাক হয়েছি পুলিশের ভূমিকায়। থানার ওসি সব জেনেশুনে কীভাবে এটা করলেন বুঝতে পারছি না। আমি নিজে ওসি সাহেবকে বলেছি, আমার বয়স ৭৫। এই বয়সে দুই ছেলেসহ ছিনতাই মামলার আসামি হলাম।’
লিয়াকত আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন ধরেন মিজান নামের এক ব্যক্তি। তিনি লিয়াকত আলীর আত্মীয় পরিচয় দিয়ে বলেন, লিয়াকত আলী অসুস্থ। তাই কথা বলতে পারবেন না।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেছেন, ‘ঘটনা সত্য। কারও দ্বারা প্রভাবিত হয়ে নয়, পুলিশ সবকিছু তদন্ত করেই মামলা নিয়েছে। আসামিদের বিরুদ্ধে এ রকম আরও অভিযোগ আছে।’