মামলা দিয়ে বিএনপিকর্মীদের হয়রানি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুুরে গত ২৯ জানুয়ারি পুলিশের গুলিতে বিএনপির দুজন কর্মী নিহত হওয়ার ঘটনায় দেশবাসী হতবাক হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি অভিযোগ করেন, ‘পুলিশের গুলিতে মানুষ হত্যা, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। তাঁরা কেবল বিএনপি-জামায়াত নেতা-কর্মীর ওপর হামলা করে ক্ষান্ত হয়নি বরং বেপরোয়াভাবে লাঠিপেটা, দোকানে হামলা এবং মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করে যাচ্ছে।’গতকাল শনিবার লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন।এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে খন্দকার মাহবুব হোসেনকে প্রধান করে গঠিত নাগরিক তদন্ত কমিটির সদস্যরা বেলা ১১টায় ঘটনাস্থল দক্ষিণ তেমুহনী পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করেন।মিছিলে ওই দিন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা ছিল না বলে দাবি করে তদন্ত কমিটি। সংবাদ সম্মেলনে তাঁরা আরও অভিযোগ করেন, পুলিশ মিছিল বানচাল করার জন্য নির্বিচারে গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এখন সেই পুলিশই মামলার বাদী, সাক্ষী, তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করছে। পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত হয়, কিন্তু সরকার তা করেনি। খন্দকার মাহবুব বলেন, এ তদন্ত প্রতিবেদন দলের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে দেওয়া হবে। তিনি অনুমতি দিলে সবার সামনে তা উপস্থাপন করা হবে।তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন: সাংসদ এ কে এম হাফিজুর রহমান, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য এম এ মান্নান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নাগরিক কমিটির সদস্যসচিব সৈয়দ আবদাল আহমেদ।