মামলা দিয়ে মুক্তিযোদ্ধাকে হয়রানি করার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলা আাওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গ্যাঁড়াকলে পড়ে এক মুক্তিযোদ্ধা নিঃস্ব হয়ে পড়েছেন।
মুক্তিযোদ্ধা আবদুল জলিল অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা মখলিছুর রহমান দৌলা দলবল নিয়ে তাঁর জলমহালের মাছ লুট; এলাকার কিছু মানুষকে দিয়ে চারটি মিথ্যা মামলা দায়ের করিয়েছেন এবং তাঁকে হুমকি দিচ্ছেন৷ মামলাগুলোর খরচ চালাতে গিয়েও তিনি নিঃস্ব হয়ে পড়েছেন৷
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মখলিছুরের সমর্থনপুষ্ট এলাকার কিছুসংখ্যক লোকের সঙ্গে মুক্তিযোদ্ধা আবদুল জলিলের বিরোধের সূত্রপাত ঘটে একটি জায়গার বন্দোবস্ত নেওয়াকে কেন্দ্র করে। ২০০৯ সালে উপজেলার সিলেট-তামাবিল সড়কের পাশের একটি জমি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কাছ থেকে ওই মুক্তিযোদ্ধা বন্দোবস্ত নেন। এরপর আবদুল জলিল বন্দোবস্ত স্থানে কৃষি ও মৎস্য চাষ শুরু করে সাফল্যের মুখ দেখেন। বিষয়টি তাঁর গ্রামের কয়েকজন প্রভাবশালী হিংসার চোখে দেখেন।
২০১২ সালে আবদুল জলিল বন্দোবস্ত নেওয়া জায়গার নবায়ন করার জন্য সওজের কাছে আবেদন জানান৷ এ সময় তাঁরই গ্রামের প্রভাবশালী কয়েকজন ওই জায়গাটি পুনরায় বন্দোবস্তের জন্য নবায়ন যাতে না করা হয় সে জন্য তৎপরতা চালান৷ এ সময় আবদুল জলিল উচ্চ আদালতের দ্বারস্থ হন৷ আদালত ২০১২ সালের ২০ জুন এ বিষয়ে একটি রুল জারি করেন।
জলিল জানান, আদালত রুল জারি করার পরেও তাঁর জলমহালে মখলিছুরের পৃষ্ঠপোষকতায় একাধিকবার মাছ লুট করা হয়৷ উল্টো তাঁর বিরুদ্ধে মাছ লুটপাটসহ বিভিন্ন মিথ্যা অভিযোগে চারটি মামলা করা হয়। দাখিল করা এই চারটি মামলার একটি মিথ্যা প্রমাণিত হওয়ায় ইতিমধ্যেই সেটি আদালত খারিজ করে দিয়েছেন। মাছ লুটপাটসহ কয়েকটি অভিযোগে জলিল প্রভাবশালী ব্যক্তিদের তৎপরতার কারণে থানায় মামলা করতে না পেরে আদালতে মামলা করেন।
মখলিছুর অভিযোগ অস্বীকার করে বলেন, জলিলের বন্দোবস্তের মেয়াদ পূর্ণ হওয়ার পর ওই জায়গাটিতে ধর্মীয় প্রতিষ্ঠান করার জন্য বন্দোবস্ত দিতে সাংসদ, জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন সওজকে অনুরোধ করেছিলেন৷ এতে ক্ষুব্ধ হয়ে আবদুল জলিল বিষয়টি আদালত পর্যন্ত নিয়ে গেছেন৷ আর আমি তাঁকে হুমকি দিইনি৷’
সওজ সিলেট কার্যালয় থেকে জানা গেছে, আবদুল জলিলকে মানবিক কারণে এই জায়গাটি একসনা বন্দোবস্ত দেওয়া হয়েছিল৷ পরে তিনি যখন পুনরায় জায়গাটি নবায়ন করতে যান, তখন মো. আয়ুব আলী নামের এক ব্যক্তি একই জায়গা ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বন্দোবস্ত চেয়ে আবেদন করেন। জায়গাটি পেতে উভয় পক্ষের পাল্টাপাল্টি তৎপরতার রেশ ধরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়৷ এ কারণে জায়গার বন্তোবস্তের বিষয়টি অমীমাংসিত রয়েছে।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, ‘বিষয়টি যেহেতু এখন আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই সুরাহা না হওয়া পর্যন্ত কোনো পক্ষকেই বন্দোবস্ত দেওয়া হবে না।’