২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলা দুটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত সরকারি গেজেট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।মামলা দুটির মধ্যে একটি মহানগর দায়রা জজ আদালতে এবং অন্যটি মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারাধীন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দ্রুত বিচার ট্রাইব্যুনালে ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি। ত ৎ কালীন সরকারের সময় এ মামলার তদন্ত বারবার ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকার আমলে নতুন করে এ মামলার তদন্ত শুরু করা হয়। সিআইডি ২০০৮ সালের ১১ জুন মামলা দুটির (হত্যা ও বিস্ফোরক দ্রব্য) অভিযোগপত্র দেয়। তাতে হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নান, বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২২ জনকে আসামি করা হয়।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ মামলার অধিকতর তদন্ত হয়। গত ৩ জুলাই খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লু ৎ ফুজ্জামান বাবর, জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনকে আসামি করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। দুই অভিযোগপত্র মিলে মোট আসামি হলো ৫২ জন।