ফৌজদারি ও দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য যথাসময়ে সাক্ষীকে আদালতে হাজির করার তাগিদ দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলনে তিনি এ তাগিদ দেন।
জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা ফৌজদারি মামলার ক্ষেত্রে পুলিশকে এবং দেওয়ানি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সাক্ষী হাজির করতে আইনজীবীদের সহযোগিতা চেয়েছেন। বিশেষ করে ফৌজদারি আদালতে বিচারাধীন মামলা স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে সমন জারিসহ অন্যান্য কার্যক্রম যথাযথভাবে শেষ করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনের সভাপতি ও জেলা জজ মো. নুরুল হুদা চট্টগ্রাম জজশিপে ২০১৬ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৬৩ কার্যদিবসে ৩ হাজার ৪৪৫টি দেওয়ানি এবং ১ হাজার ৩৯৯টি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে বলে উল্লেখ করেন।
ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম ও সংশ্লিষ্ট আদালতের হাকিম, জেলা জজ আদালতের বিচারকেরা, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, জেল সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সরকারি কৌঁসুলিরা।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী, যুগ্ম জেলা জজ ও প্রথম আদালতের বিচারক মো. আবদুর রহমান, অতিরিক্ত জেলা জজ সপ্তম আদালতের বিচারক ফেরদৌস আরা। আলোচনায় অংশ নেন জলা আইনজীবী সমিতির সভাপতি মো. কফিল উদ্দিন চৌধুরী, জিপি মো. নজমুল আহসান খান এবং পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী।