মানুষের সেবা নিশ্চিত করতে কক্সবাজার আদালতে বিচারাধীন ৬৪ হাজার মামলার দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দিয়েছেন জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার। গতকাল শনিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ‘পুলিশ ম্যাজিস্ট্রেসি’ সভায় তিনি এ কথা বলেন।
মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সুলতান মাহমুদ, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে বিচারক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে সবাই সংবিধান ও বিবেকের কাছে দায়বদ্ধ।
মুখ্য বিচারিক হাকিম তৌফিক আজিজ বলেন, ছয় মাস ধরে বিচার বিভাগ ও পুলিশ বিভাগের মধ্যে নিয়মিত সমন্বয় সভা হওয়ায় প্রায় ছয় হাজার মামলা নিষ্পত্তি সম্ভব হয়েছে। এতে জনগণ ফৌজদারি বিচারব্যবস্থার সুফল পাচ্ছে। তা ছাড়া জেলার দায়রা জজ ও পুলিশ সুপারের নিয়মিত তদারকির ফলে দ্রুত ফৌজদারি মামলা নিষ্পত্তি হচ্ছে এবং মামলা দায়েরের হারও কমছে।
কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম অরুণ পালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে আহমদ হোসেন, সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম, ফখরুল ইসলাম প্রমুখ।