মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে গতকাল শনিবার পুলিশ ও ম্যাজিস্ট্রেসি মাসিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভায় বিচারপ্রার্থীদের দুর্ভোগ ও হয়রানি রোধে বিচারাধীন প্রায় ৬৮ হাজার মামলা দ্রুত নিস্পত্তির তাগিদ দেওয়া হয়েছে।
মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ তৌফিক আজিজের সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ।
প্রধান অতিথি মীর শফিকুল আলম বলেন, আইন অঙ্গনে দুর্নীতি সহ্য করা হবে না। কারও দায়িত্ব অবহেলার কারণে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হলে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য তিনি আইনজীবীদের সহযোগিতা চান।
জেলা ও দায়রা জজ বলেন, জেলার বর্তমানে প্রায় ৬৮ হাজার মামলা বিচারাধীন রয়েছে। মামলার জট নিরসনের লক্ষ্যে শূন্য পদে বিচারক নিয়োগসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ম্যাজিস্টেটসহ সব পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের তৎপর হতে হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, সরকারি কৌঁসুলি মমতাজ আহমদ, মোহাম্মদ ইসহাকসহ জেলার আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
সভায় মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ তৌফিক আজিজ বলেন, বিচারাধীন মামলা যেমন দ্রুত নিষ্পত্তি করতে হবে, তেমনি মামলার সংখ্যা যাতে কমে সে লক্ষ্যে কাজ করতে হবে। এ জন্য মানুষকে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে আগ্রহী করা দরকার।