মামলা দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত, জেলা প্রশাসকদের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাসহ পাঁচটি মহানগরও রয়েছে
ঢাকাসহ পাঁচটি মহানগরও রয়েছে

৫ জানুয়ারির একতরফা নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতার বিচার দ্রুত নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্ষেত্রে পাঁচ ধরনের মামলা এ বিচারের আওতায় আনা হবে।
এসব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল রোববার সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে হত্যা, ধর্ষণ, আগ্নেয়াস্ত্রের ব্যবহার, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়ে থাকলে সে বিষয়ে এবং এসব মামলার প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। ২ অক্টোবর আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানানো হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান চিঠির বিষয়টি নিশ্চিত করে গতকাল প্রথম আলোকে বলেন, ‘মামলাগুলো বিশেষভাবে পর্যবেক্ষণ ও দ্রুত নিষ্পত্তির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আসামি ও বাবার নাম, মামলার নম্বরসহ কিছু তথ্য-উপাত্ত চেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, পুলিশ সদর দপ্তর, সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছে। এসব মামলা দ্রুত বিচারের জন্য প্রস্তুত করতে জেলা প্রশাসক ও সরকারি কৌঁসুলিদের সহায়তা চাওয়া হবে।’
গতকাল রাতে চট্টগ্রাম, গাইবান্ধা, জামালপুর, মুন্সিগঞ্জ ও গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, এখনো তাঁরা চিঠি হাতে পাননি। তবে কাল-পরশুর মধ্যে পাবেন। চিঠি পেলে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সঙ্গে বৈঠক করে এসব মামলা আলাদা করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার উদ্যোগ নেবেন।
এর আগে জামায়াত-শিবিরের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনায় দায়ের করা মামলা, হরতাল-অবরোধে যানবাহন ও পথচারীদের ওপর পেট্রল বোমা, গানপাউডারসহ বিভিন্ন বিস্ফোরক দ্রব্য দিয়ে হামলার ঘটনায় করা মামলা ও সংখ্যালঘুর ওপর হামলার মামলাও দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের ২০০২ এর ধারা ৬ অনুযায়ী, সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও অন্যান্য জঘন্য অপরাধের মামলার বিচার ট্রাইব্যুনালে করার আইনগত কোনো সুযোগ না থাকায় ওই আইনের সংশ্লিষ্ট ৬ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ আইন সংশোধনের বিষয়ে আটটি মন্ত্রণালয় ও বিভাগের মতামত চাওয়া হয়েছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরিত কোনো মামলা স্থানান্তরের তারিখ থেকে ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। কোনো অনিবার্য কারণে ওই মেয়াদের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব না হলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল কারণ জানিয়ে অতিরিক্ত ৩০ কার্যদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে পারবে। ওই সময়ের মধ্যেও যদি যুক্তিসংগত কোনো কারণে কোনো মামলা নিষ্পত্তি করা সম্ভব না হয়, তাহলে ট্রাইব্যুনাল এর কারণ লিপিবদ্ধ করে সর্বশেষ আরও ১৫ কার্যদিবস সময় নিতে পারবেন। এভাবে সময় বাড়ালে সুপ্রিম কোর্টকে লিখিতভাবে অবহিত করতে হবে, যার অনুলিপি সরকারের কাছে পাঠাতে হবে।