মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে মন্ত্রণালয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের দলীয় সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাইদের বিরুদ্ধে হওয়া ফারুক আহমেদ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য জেলা প্রশাসক মো. মাহবুব আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। 

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইলের কলেজপাড়া এলাকার বাসার সামনে থেকে জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তভার জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়। দীর্ঘ তদন্তের পর গত ৩ ফেব্রুয়ারি সাংসদ আমানুর রহমান খান (রানা) এবং তাঁর তিন ভাইসহ ১৪জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দেয় গোয়েন্দা পুলিশ। তবে তদন্তে রহস্য উদঘাটনের পর থেকে গত দেড় বছর ধরে সাংসদ ও তাঁর তিন ভাই পলাতক। বর্তমানে অভিযোগপত্রভুক্ত চারজন কারাগারে আছেন।
গত ৮ ফেব্রুয়ারি এ মামলা সব তথ্যসহ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে একটি চিঠি×দেয় জেলা পুলিশ। চিঠিতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য আবেদন করা হয়। এরপর আজ এ বিষয়ে আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. মাহবুব চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।