মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে চলন্ত বাসে তরুণী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছে জেলা নাগরিক কল্যাণ পরিষদ। এ দাবিতে পরিষদ গতকাল রোববার শহরে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে জেলা শহরের শহীদ রফিক সড়ক থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি আসাদুজ্জামান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাবেক কাউন্সিলর নাসিরউদ্দিন আহমেদ, পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ। গত ২৪ জানুয়ারি মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে পোশাকশ্রমিক এক তরুণী (১৮) ধর্ষণের শিকার হন। ওই তরুণী বাদী হয়ে বাসচালক দীপু মিয়া (৩২) ও তাঁর সহকারী কাসেম মিয়াকে (২৬) আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন। দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।