
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা হবিগঞ্জ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দিয়েছেন আদালত। গত মঙ্গলবার হবিগঞ্জ বিচারিক হাকিম আদালত-১-এর বিচারক নিশাত সুলতানা এ আদেশ দেন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন শাহ এ এম এস কিবরিয়াসহ দলটির পাঁচজন নেতা-কর্মী। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে হবিগঞ্জ থানায় দুটি মামলা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটির তদন্ত করে। তদন্ত শেষে সিআইডির সিলেট কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন নেসা গত বছরের ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মঙ্গলবার হবিগঞ্জ বিচারিক হাকিম আদালত-১-এ মামলার শুনানির দিন নির্ধারিত ছিল। শুনানিকালে আদালতের বিচারক নিশাত সুলতানা মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেন। আইনজীবী ও আওয়ামী লীগের নেতা মো. আলমগীর ভূঞা বলেন, মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর বিধান অনুযায়ী ১৩৫ কার্যদিবসে নিষ্পত্তি হওয়ার কথা। অতিরিক্ত সময় নিলে আরও ৪৫ দিন বাড়তে পারে। এই সময়সীমার মধ্যে মামলাটি নিষ্পত্তি হবে বলে মনে করছেন তিনি।