মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ‘বিচারপ্রার্থী সাধারণ নাগরিক’–এর ব্যানারে প্রতিবাদী অবস্থান ও আলোক সমাবেশে তাঁরা এ দাবি জানান।

সন্ধ্যার দিকে নগরের আলুপট্টি থেকে প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে যায়। শুরু হয় সমাবেশ। সমাবেশের শুরুতে রেজাউল করিম স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়।
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতার, শিক্ষক সাখাওয়াত হোসেন, নিহত রেজাউলের মেয়ে রিজওয়ানা হাসিন, ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এখন পর্যন্ত শিক্ষক রেজাউল হত্যার বিচারের তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না। তবে সময় লাগলেও যেন সঠিক বিচার পাওয়া যায়, সেটি নিশ্চিত করতে হবে। ঘটনা যেন ধামাচাপা না পড়ে। এ হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য দাবি জানান বক্তারা।
সমাবেশে শিক্ষক রেজাউলের মেয়ে রিজওয়ানা বলেন, ‘পুলিশ তার কাজ করছে। কিন্তু আমরা দ্রুত ফলাফল দেখতে চাই। এমনভাবে বিচার দেখতে চাই, যাতে প্রশাসনের ওপর সাধারণ মানুষ আস্থার রাখতে পারে। আর অপরাধী সবাই ধরা পড়ে।’
গত ২৩ এপ্রিল রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাসার সামনে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে মাসকাওয়াত হাসান সাকিব ওরফে আবদুল্লাহ নামের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একজন কারা হেফাজতে মারা গেছেন। বর্তমানে ছয়জন কারাগারে আছেন।