মামলা না তোলায় সহকর্মীকে প্রহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ কর্মস্থলে সহকর্মীর হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ঢাকার সাভার উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী গৌরাঙ্গ দাস। তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রণয়ঘটিত দ্বন্দ্বের জের ধরে গত জানুয়ারিতে গৌরাঙ্গ দাসের ছেলে সুবীর দাস (২১) খুন হন। সুবীর রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। সুবীর খুন হওয়ার পর থেকে সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী জাকির হোসেন মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে গৌরাঙ্গকে ভয়ভীতি দেখাচ্ছিলেন। এর জের ধরেই গত বৃহস্পতিবার জাকির তাঁকে মারপিট করেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, সুবীর নিহত হওয়ার পর ২২ জানুয়ারি প্রতিবন্ধী গৌরাঙ্গ দাস সাভার থানায় হত্যা মামলা করেন। মামলায় লুৎফা আক্তার, শফিক আহাম্মেদ, ফয়সাল ও ইউসুফ নামের চারজনকে আসামি করা হয়। পরে আদালতে দেওয়া শফিকের জবানবন্দি অনুযায়ী সিজু ও শাওন নামের আরও দুজনকে আসামি করা হয়। শাওনের বাবা আনসার আলী সাভার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উচ্চমান সহকারী। আর জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া বেগম ওই কার্যালয়ের (এলজিইডি) অফিস সহকারী। এই সুবাদে জাকিরের পরিবারের সঙ্গে আনসার আলীর পরিবারের সুসম্পর্ক রয়েছে।
গৌরাঙ্গ বলেন, ‘সহকর্মী জাকির হোসেন তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তিনি আরও ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকেন। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি কর্মস্থলে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় জাকির সেখানে গিয়ে তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর গৌরাঙ্গ জাকিরের বিরুদ্ধে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জাকিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ভুল বোঝাবুঝির কারণে গৌরাঙ্গ দাসের সঙ্গে তাঁর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে খুনের ঘটনার সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রকনুল হক বলেন, গৌরাঙ্গ দাসকে বিনা কারণে পিটিয়ে আহত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।