মামলা না নিয়ে কাউন্সিলর প্রার্থীকে পুলিশের হয়রানি!
হামলার অভিযোগে শাহবাগ থানায় মামলা করতে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা মহানগর ২০ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী সারোয়ার ওয়াদুদ চৌধুরী পুলিশি হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সরোয়ার ওয়াদুদ চৌধুরীর অভিযোগ, গতকাল শনিবার বিকেলে সেগুনবাগিচা এলাকায় জনসংযোগ করার সময় ২০ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফরিদ উদ্দিন রতনের নির্দেশে কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর হাতের আঙুল কেটে যায়। হামলায় তাঁর কয়েকজন কর্মীও আহত হন। পরে কাকরাইলের একটি হাসপাতাল থেকে তিনি ও তাঁর কর্মীরা চিকিৎসা নেন।
আজ রোববার রাত নয়টার দিকে সারোয়ার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসা শেষে আজ সকাল দশটার দিকে আমি শাহবাগ থানায় মামলা করতে যাই। কিন্তু থানার অপারেশন অফিসার একে আজাদ আমাকে তাঁর কক্ষে বসিয়ে রেখে বলতে থাকেন, ওসি স্যার থানায় আসলে আলোচনা করে ব্যবস্থা নেবেন। এরপর আমার মামলাও নিচ্ছে না, আবার আমাকে যেতেও দিচ্ছে না।’
সারোয়ার বলেন, ‘সকাল থেকে রাত পর্যন্ত আমাকে থানায় বসিয়ে রাখা হয়েছে। রাত আটটার দিকে ওসি সিরাজুল ইসলাম এসে আমাকে মীমাংসার কথা বলেন। এরপর ওসি আবার থানা থেকে চলে যান। চলে যাওয়ার সময় ওসি বলে যান রাত নয়টার পর এসে তিনি ফরিদ উদ্দিনকে ডেকে মীমাংসা করে দেবেন।’
সারোয়ার বলেন, ‘আমি এখন বুঝতে পারছি না। কী করব। আমি তো মীমাংসা চাই না। আমার ওপর হামলার বিচার চাই। পুলিশের আচরণে আমি হতবাক।’
এর আগে বিকেল চারটার দিকে শাহবাগ থানায় গিয়ে দেখা যায়, পুলিশ কর্মকর্তা একে আজাদের কক্ষের সঙ্গে সম্পৃক্ত পেছনে একটি কক্ষের বিছানায় শুয়ে ছিলেন সারোয়ার। বাম হাতে ব্যান্ডেজ। তাঁর জন্য দুপুরের খাবার নিয়ে এসেছেন স্বজনেরা। কিছুক্ষণ পর কক্ষে ফিরে পুলিশ কর্মকর্তা একে আজাদ ধমক দিয়ে সারোয়ারকে কক্ষ থেকে বের হতে বলেন। আজাদ এই প্রতিবেদকের পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর তিনি বলেন, ‘সবকিছু ওসি স্যার বলবেন।’
বিকেল চারটা থেকে আজ রাত নয়টা পর্যন্ত বারবার ফোন করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ফোন ধরেননি।