মামলা না নেওয়ায় ওসিকে কারণ দর্শাতে বললেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দেশের পরও মামলা না নেওয়ায় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে কারণ দর্শাতে (শোকজ) বলেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-ই-এলাহী এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত ২৬ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে আটজনের বিরুদ্ধে থানায় মামলা করতে যান জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। কিন্তু রাউজান থানার পুলিশ লিখিত অভিযোগটি এজাহার হিসেবে নেয়নি। পরে গত ২ এপ্রিল চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে যান বাদী। আদালত ওসিকে অভিযোগটি মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন। দুই মাসেও থানা মামলা না নেওয়ায় বাদী গতকাল আদালতকে বিষয়টি আবার লিখিতভাবে জানান।
বাদীর আইনজীবী অশোক কুমার দাশ বলেন, আদালত নির্দেশ দিলেও রাউজান থানার ওসি দুই মাসেও মামলা নেননি। বিষয়টি আদালতকে লিখিতভাবে জানানো হলে ওসিকে কারণ দর্শাতে বলেছেন বিচারক।
রাউজান থানার ওসি গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, মামলা নেওয়ার বিষয়ে আদালতের কোনো নির্দেশনা থানায় পৌঁছায়নি। পাওয়া গেলে অবশ্যই মামলাটি নেওয়া হতো।