মামলা না নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে অ্যাসিড নিক্ষেপের শিকার একজন তাঁতি থানায় মামলা করতে গেলে পুলিশ সেটি নিতে অস্বীকৃতি জানিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তিনি আদালতে গেলে বিচারক মামলাটি গ্রহণের নির্দেশ দেন। জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে তাঁর ওপর অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ভূমিহীন গ্রামের তাঁতি ইয়াছিন মিয়া (৩৭) অভিযোগ করেন, ভূমিহীন হিসেবে তিনি স্ত্রী-সন্তান নিয়ে খাসজমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। একই গ্রামের ওয়াহেদ মিয়া (৫০) ও তাঁর ছেলে রুবেল মিয়া (২২) এ জমি দখল করতে তাঁর পরিবারের সদস্যদের ওপর কয়েকবার হামলা চালান।

ইয়াছিন আরও অভিযোগ করেন, গত ৬ নভেম্বর মধ্যরাতে তিনি জরুরি কাজে ঘরের বাইরে গেলে ওয়াহেদ ও রুবেল তাঁর গায়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। ওই দিন সন্ধ্যায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে তা মামলা হিসেবে গ্রহণের অনুরোধ জানান। কিন্তু থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা বা এর ওপর কোনো ব্যবস্থা নেওয়া—কোনোটিই করেনি। বাধ্য হয়ে গত রোববার তিনি আদালতে অভিযোগ দাখিল করেন। ওই দিনই আদালত অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।