পুলিশ পরিচয়ে রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের দুই কর্মীকে মারধর করে দুই লাখ ৮৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পাঁচ দিন পরও আদাবর থানা মামলা নেয়নি।
সেরপা পাওয়ার ইঞ্জিনিয়ারিং নামের ওই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের অভিযোগ করেন, গত বুধবার বিকেলে প্রতিষ্ঠানের হিসাবরক্ষক হাবিবুর রহমান ও পিয়ন মো. সোহেল আদাবরের রিং রোডের একটি ব্যাংক থেকে কর্মীদের ঈদ বোনাসের দুই লাখ ৮৪ হাজার টাকা তুলে কর্মস্থলে ফিরছিলেন। এ সময় শেখেরটেক ১২ নম্বর সড়কে মাইক্রোবাস থেকে নেমে কয়েকজন লোক তাঁদের পথরোধ করে এবং নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের গাড়িতে তুলে নেয়। তাদের হাতে ওয়াকিটকিও ছিল। তারা হাবিব ও সোহেলকে মারধর করে তাঁদের কাছ থেকে টাকা কেড়ে নেয়। একপর্যায়ে রামপুরায় নিয়ে তাঁদের মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
আবু তাহের অভিযোগ করেন, এ ব্যাপারে থানায় মামলা করতে গেলে থানার ওসি কর্মচারীদের আসামি করতে বলেন। তিনি কর্মচারীদের আসামি করতে রাজি না হওয়ায় মামলা গ্রহণ করা হয়নি।