নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথের সীমান্তবর্তী শীতলক্ষ্যা নদীতে গত বৃহস্পতিবার রাতে একটি লঞ্চে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় লঞ্চের যাত্রী শিক্ষানবিশ আইনজীবী সুমন চন্দ্র দাস (২৭) নিখোঁজ হন। তিন দিনেও তাঁর সন্ধান মেলেনি।
এ ঘটনায় নারায়ণগঞ্জ বন্দর ও মুন্সিগঞ্জ থানা মামলা নিচ্ছে না। নিজেদের সীমানার ঘটনা নয় দাবি করে দুই থানার কর্মকর্তারাই পরস্পরের দিকে মামলার বিষয়টি ঠেলে দিচ্ছেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ ঘাটের উদ্দেশে অর্ধশতাধিক যাত্রী নিয়ে এম এল রিগেন নামের একটি লঞ্চ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনগঞ্জের কাছে ডাকাতদের কবলে পড়ে। ১০-১২ জনের ডাকাত দল একটি ট্রলারে করে লঞ্চে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে লঞ্চটিকে গজারিয়ার উদ্দেশে মেঘনা নদীতে নিয়ে যায়। সেখানে ডাকাতেরা লুণ্ঠিত মালামাল নিয়ে একই ট্রলারে করে পালিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় সুমন চন্দ্র দাস পানিতে পড়ে নিখোঁজ হন। ডাকাতদের মারধরে আহত হন আরও ২০ যাত্রী। সুমনের বাড়ি মুন্সিগঞ্জ শহরের মালপাড়া এলাকায়। তিনি মুন্সিগঞ্জ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। তাঁর বাবার নাম মনীন্দ্র চন্দ্র দাস।
স্বজনেরা গতকাল শনিবার ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজি করেও সুমনের সন্ধান পাননি। ডাকাতির ঘটনার দুই দিন অতিবাহিত হওয়ার পরও সংশ্লিষ্ট কোনো থানা মামলা নেয়নি। লঞ্চটি কোথায় ডাকাতদের কবলে পড়েছে—সেই ঘটনাস্থল নির্ণয় নিয়ে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশের মধ্যে ঠেলাঠেলি চলছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, ঘটনাটা মুন্সিগঞ্জে ঘটেছে।
মুন্সিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বলছেন, এটা নারায়ণগঞ্জের বন্দর থানার সীমানায় ঘটেছে। তবে স্থানীয়রা বলছেন, মামলা নিয়ে যেন পুলিশ বল পাসিং খেলা খেলছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, যদি ডাকাতির ঘটনা না হয়ে অন্য কোনো ঘটনা ঘটত এবং মামলা নিলে পুলিশের বাণিজ্য হবে—সেই মামলা নিতে দুই থানাই রশি টানাটানি করত।
সুমনের স্বজনদের অভিযোগ, ডাকাতির ঘটনায় পুলিশ মামলা না নেওয়ায় ডাকাতেরা পার পেয়ে যাচ্ছে। নিখোঁজের স্বজনদের সরকারিভাবে সহায়তার কোনো তৎপরতা নেই। যাত্রীদের লুণ্ঠিত মালামাল উদ্ধারেও উদ্যোগ নেই। ফলে ব্যাহত হচ্ছে ডাকাতির ঘটনার আইনগত কার্যক্রম।
ডাকাতির শিকার মুন্সিগঞ্জের মালপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস জানান, ডাকাতেরা তাঁর মুঠোফোন ও সাড়ে সাত হাজার টাকা লুট করেছে। মামলা না হওয়ায় পুলিশ তাদের কর্তব্য এড়িয়ে যাচ্ছে।
থানায় মামলা না হওয়া প্রসঙ্গে মুন্সিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইয়ারদৌস হাসান গতকাল শনিবার বলেন, ‘ডাকাতির ঘটনায় একজন নিখোঁজ হওয়ার খবর লোক মারফত শুনেছি। তবে ডাকাতির স্থানটি যেহেতু নারায়ণগঞ্জের বন্দর থানার অধীনে; তাই মামলা বন্দর থানায় হবে। বিষয়টি তারাই তদন্ত করবে।’
বন্দর থানার ওসি আখতারুজ্জামান বলেন, ‘ডাকাতির ঘটনা আমার এলাকায় ঘটেনি। ঘটেছে মুন্সিগঞ্জের সীমানায়—শাহ সিমেন্টের কাছে। মামলা হলে মুন্সিগঞ্জ থানায় হবে।’