মামলা নিতে পুলিশের গড়িমসির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুধবার দুপুর ১২টা। রাজশাহী নগরের মতিহার থানার বারান্দায় বসে আছেন রাজিয়া বেগম। বারবার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। তিনি থানায় এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ছেলে রাসেল আলমের পক্ষে মামলা করতে। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্তও বসেছিলেন মামলা করার জন্য। কিন্তু পুলিশ নানা অজুহাতে তাঁর মামলার এজাহার গ্রহণ করছেন না বলে অভিযোগ রাজিয়া বেগমের।
গত সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাসেলকে গুলি করে ও কুপিয়ে পা থেকে গোড়ালি বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা ঘটে। হামলায় ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘আহত শিবির নেতা রাসেলের পক্ষে তার মা থানায় মামলা করতে এসেছিল বলে শুনেছি। তবে আমি এখনো এজাহারের কোনো কপি পাইনি। এজাহারের কপি পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ক্যাম্পাসে ছাত্রলীগের মহড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তুহিনের নেতৃত্বে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল নিয়ে নেতা-কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মহড়া দেন। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। এর আগে ১১ মার্চ ছাত্রলীগের নেতা তুহিনের নেতৃত্বে মোটরসাইকেল মহড়া দেওয়া হয়েছিল।