মামলা দায়ের করতে লেগেছে সাত ঘণ্টা। এর পরও মূল ছয় অভিযুক্ত ব্যক্তির নাম বাদ দিয়েছে পুলিশ। এ অভিযোগ শুক্রবার কামরাঙ্গীরচরে লুটপাট ও অগ্নিসংযোগের মামলার বাদী মাহবুবুর রহমানের।সন্ত্রাসী হামলার শিকার মাহবুব মার্কেটের মালিক বাদী মাহবুব প্রথম আলোকে আরও বলেন, শুক্রবার মামলা দায়েরের সময় হামলাকারী ও তাঁদের বন্ধুবান্ধব মিলিয়ে প্রায় দুই শ লোক বিকেল থেকে রাত পর্যন্ত কামরাঙ্গীরচর থানা চত্বরে ঘোরাঘুরি করছিলেন।শুক্রবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর লোহার সেতুর ঢালে মাহবুব মার্কেটে স্থানীয় সন্ত্রাসীরা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে পুড়ে যায় সাতটি কারখানা ও ছয়টি দোকান। লুট হয় আরও অনেকগুলো।মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, ওই হামলাকারীদের এত দাপটের কারণ, তাঁদের পেছনে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। তাঁরা নিজেরাও সবাই আওয়ামী লীগ করেন। তাই স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতার ইঙ্গিতে পুলিশ সবকিছু দেখেও কিছু বলেনি। মামলা নিতেও গড়িমসি করেছে। শেষ পর্যন্ত মামলা নিলেও মামলা হয়েছে হামলাকারীদের ইচ্ছা অনুযায়ী।মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি ১৮ জনের নাম নিয়ে বেলা তিনটার দিকে থানায় যান। রাত ১০টার দিকে মামলা দায়ের শেষ হয়। মাহবুব বলেন, ওই ১৮ জনের মধ্যে সরাসরি জড়িত সাতজনের নাম বাদ দিয়ে ১২ জনের নামে মামলা করা হয়। বাদী বলেন, এর মধ্যে একজনের ব্যাপারে তিনি নিজেই কিছু জানেন না।মাহবুব বলেন, তিনি যে ১৮ জনের নাম দেন, তাঁরা হলেন সাইদুল মাদবর, কামাল হোসেন, শিপন নিয়াজী, কালাম, সুরুজ, মনির, সোহাগ, ইমরান, শাওন, মিজান, আলী, আলম, আলমগীর, সুমন, রবি, আহাম্মেদ, সেন্টু, আবদুল মজিদ, শহীদুল্লাহ। কিন্তু এজাহার থেকে সাইদুল মাদবর, শাওন, মিজান, আলী, আলম, আলমগীর ও শহীদুল্লাহর নাম বাদ দিয়েছে পুলিশ। এই সাতজনকে বাদ দিয়ে কামাল হোসেন ওরফে শিমুল (৩৮), কালাম (৩০), সুরুজ মিয়া (৩২), সুরুজ (২৬), মনির (২৭), সোহাগ (২৬), ইমরান (৩৬), টোকাই সুমন (২৭), রবি (২৪), আহম্মেদ (৩২), সেন্টু (২৮), মজিদ (৩৪)—এই ১২ জনের নামে মামলা করা হয়েছে।মাহবুব বলেন, ‘এর মধ্যে এজাহারে সুরুজ ও সুরুজ মিয়া নামে পর পর দুটি নাম এসেছে। আমরা একজন সুরুজকে চিনি। আরেক সুরুজ কে, তা পুলিশই জানে।’ মাহবুব আরও অজ্ঞাত ৮০-৯০ জনকে আসামি করেছেন, যা মামলায় অপরিবর্তিত আছে।মাহবুব বলেন, বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত পুরোটা সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে বসে ছিলেন অন্যতম আসামি সাইদুল মাদবরের ভাই সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি সোলায়মান মাদবর। এ ছাড়া থানার ভেতরে ও বাইরে ছিল খোদ হামলাকারীরাসহ আরও দুই শর মতো লোক।মাহবুব অভিযোগ করেন, নানা ভুল ধরে তিন-চারবার মামলা লেখানোর পর একপর্যায়ে পুলিশ তাঁকে একটি কপি সই করিয়ে নেয়। কিন্তু কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সিকদার এজাহারে নাম বাদ দেওয়ার কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এজাহার তো ওরাই (বাদী) লিখে আনছে। তাই মামলায় নাম না দেওয়া বা বদলের প্রশ্নই আসে না।’ লালবাগ জোনের অতিরিক্ত উপকমিশনার এ এইচ এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, থানায় গিয়ে জড়িত হিসেবে যাঁদের নাম এসেছিল, এমন কয়েকজনকে দেখিয়ে তিনি বাদী মাহবুবকে জিজ্ঞেস করেন যে তাঁরা আসামি কি না। তখন মাহবুব নেতিবাচক জবাব দেন। পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘এরপর আমাদের (পুলিশের) কী করার থাকে।’ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ধারণা, রাস্তার জমি ছাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী নেতা হলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।ক্ষমতাসীন দলের লোকদের জড়িত থাকার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে শুক্রবার আইন প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আমি পুলিশকে বলে দিয়েছি, আমার দলের যত বড় নেতাই হোক, তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ধরার জন্য।’থানা থেকে জানানো হয়, এ ঘটনায় জড়িত সন্দেহে কবির, সুমন ও আলম নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে তাঁরা কেউ এজাহারভুক্ত আসামি নন।