মামলা নিলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) করা মামলা তিন দিন পর ৫ জুন নথিভুক্ত করেছে পুলিশ। তবে এখনো মামলার আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও তাঁর ভাই নুরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সেতুর নিচে শিমরাইল ও আঁটি মৌজায় শীতলক্ষ্যা নদীর অভ্যন্তরে তিন একর ভূমি দখল, বালুর বাঁধ ও ডাইক নির্মাণ করে নদী ভরাট, নদী রক্ষায় ১৭ কোটি টাকা ওয়াকওয়ে (হাঁটার রাস্তা) নির্মাণকাজে ঠিকাদারের লোকজনকে বাধা এবং দায়িত্ব পালনকালে সরকারি কর্মচারীকে আটক করে হুমকির অভিযোগে নূর হোসেন ও তাঁর ভাই নুরুজ্জামানকে আসামি করে ওই মামলা করে বিআইডব্লিউটিএ।সূত্র আরও জানায়, বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক সাইফুল ইসলাম ৩ জুন সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। কিন্তু পুলিশ তিন দিন পর মামলাটি প্রাথমিক তথ্য বিবরণীতে নথিভুক্ত করে। ফৌজদারি দণ্ডবিধির ১৮৬, ২৪০, ৩৪১, ৫০৬ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার এজাহারে বলা হয়, শীতলক্ষ্যা নদী ভরাট বন্ধ, নদীর অভ্যন্তরে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীর সীমানা নির্ধারণ এবং নদীর তীর রক্ষায় ওয়াকওয়ে নির্মাণ করে গাছ লাগানোর জন্য হাইকোর্টের আদেশ রয়েছে। কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নূর হোসেন ও নুরুজ্জামান কাঁচপুর সেতুর উত্তর ও দক্ষিণ পাশে তিন একর সরকারি জমি দখল করে ছয় থেকে আট ফুট উঁচু করে বালু, পাথরের অবৈধ ব্যবসা করে নদী ভরাট অব্যাহত রেখেছে। এতে শীতলক্ষ্যা নদীর নাব্যতা নষ্ট হচ্ছে। নৌ-চ্যানেল সংকীর্ণ হওয়ায় নৌ-চলাচলে প্রতিবন্ধকতা এবং নৌ-দুর্ঘটনার আশঙ্কার সৃষ্টি হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুসারে গত ৯ মে নদীর তীর বরাবর ওয়াকওয়ে নির্মাণ করতে গেলে ঠিকাদারের লোকজনকে আসামিরা বাধা দেন। স্থানীয় সূত্র জানায়, নূর হোসেন সিদ্ধিরগঞ্জের সাবেক সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এ কারণে পুলিশ আসামিদের ধরতে গড়িমসি করছে। মামলার বাদী সাইফুল ইসলাম মুঠোফোনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নূর হোসেন অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, তাঁরা নদীর জায়গা নয়, নিজেদের জায়গায় ব্যবসা করছেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, মামলার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।