মামলা নিষ্পত্তি হয় না, আটকা পাঁচ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একমাত্র অর্থঋণ আদালত বিচারকশূন্য সাড়ে চার মাস ধরে। ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দায়ের করা প্রায় দুই হাজার মামলা ঝুলে আছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় ব্যাংকগুলোর প্রায় পাঁচ হাজার কোটি টাকা আটকে আছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিচারক না থাকায় মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান টাকা আদায় করতে পারছে না।’
আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১ মে থেকে কার্যকর হওয়া অর্থঋণ আদালত আইন ২০০৩-এর আওতায় ব্যাংক, বিমাসহ সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের মামলাগুলো এ আদালতে দায়ের করা হয়। নগরের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করায় ব্যাংকগুলো অর্থঋণ আদালতে মামলা দায়ের করে।
বর্তমানে এ আদালতে প্রায় দুই হাজার মামলা বিচারাধীন রয়েছে। উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশ আছে ৫০০ মামলা। গত বছরের ২৪ অক্টোবর থেকে বিচারকশূন্য রয়েছে আদালতটি। বিচারক নিয়োগের জন্য আদালতে মামলা পরিচালনাকারী আইনজীবীরা আইন মন্ত্রণালয়, আইনজীবী সমিতিতে জানালেও নতুন বিচারক নিয়োগ দেওয়া আটকে আছে। মামলা নিষ্পত্তি না হলেও নতুন নতুন মামলা যোগ হচ্ছে এ আদালতে।
গত বছর অর্থঋণ আদালতে যত মামলা হয়েছে, বেশির ভাগ ভোগ্যপণ্য আমদানিকারকদের বিরুদ্ধে। এ সময়ে বড় পাওনাদার (১০ কোটির ওপরে) প্রায় ৩৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় চার হাজার কোটি টাকা আদায়ের জন্য মামলা করে বাণিজ্যিক ব্যাংকগুলো। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এমইবি গ্রুপ, মোস্তফা গ্রুপ, এসএ গ্রুপ, নুরজাহান গ্রুপ, ইমাম গ্রুপ, সিদ্দিক ট্রেডার্স, রুবাইয়া ভেজিটেবল, এ জামান অ্যান্ড ব্রাদার্স, ম্যাক ইন্টারন্যাশনাল ইত্যাদি। মামলা দায়েরের পর গত বছর আদালতের মাধ্যমে আদায় হয় মাত্র ৪২ কোটি ৮৮ লাখ টাকা।
বিভিন্ন ব্যাংকের মামলা পরিচালনাকারী আইনজীবী জিয়া হাবীব আহসান প্রথম আলোকে বলেন, ‘পুরোনো মামলাগুলো নিষ্পত্তি না হলেও এ আদালতে মাসে গড়ে ৫০টিরও বেশি মামলা আসছে। বাণিজ্যিক নগর হিসেবে চট্টগ্রাম অর্থঋণ আদালত খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়িক লেনদেন বেশি হওয়ায় ক্ষতিগ্রস্ত পক্ষ টাকা আদায় করতে আদালতে শরণাপন্ন হলেও বিচারক না থাকায় বিচার পাচ্ছে না।’