মামলা নিষ্পত্তির আগেই পুলিশের সহায়তায় জমি দখলের চেষ্টা
মামলার নিষ্পত্তি না হওয়ার আগেই পুলিশের সহায়তায় ঢাকার সাভারের আশুলিয়া থানার রণস্থল গ্রামের প্রায় তিন বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, এই জমি দখলে নিতে থানায় মিথ্যা মামলা দিয়ে পাঁচটি পরিবারকে গ্রামছাড়া করারও অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বছর বিশেক আগে রণস্থল গ্রামের আদু মিয়ার ছেলে শামসুদ্দিন, আলেক, আবদুুল খালেক, আবদুল মালেক ও আলাউদ্দিন প্রতিবেশী জয়নাল আবেদীনের একমাত্র ছেলে আবদুস ছালামের কাছ থেকে এক দলিলে কয়েক বিঘা জমি কেনেন। এরপর থেকে আদু মিয়ার ছেলেরাই ওই জমির দখলে আছেন। ২০০৬ সালে আবদুস ছালামের তিন বোন (মাহফুজা, নাছিমা ও মমতা) ওয়ারিশ সূত্রে ৮৩ শতাংশ জমির মালিকানা দাবি করে সাভারের সহকারী জজ আদালতে ওই দলিল বাতিলের একটি মামলা করেন, যা বিচারাধীন রয়েছে। বিবাদী আলেক ও আবদুল খালেকসহ এলাকাবাসী জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাদীদের আত্মীয় মাইঝাইল গ্রামের সোহেল রানার নেতৃত্বে জনা ত্রিশেক লোক একটি ট্রাকে করে বাঁশ নিয়ে ওই জমিতে আসেন। এরপর তাঁরা জমিতে একটি সাইনবোর্ড টাঙিয়ে বাঁশের বেড়া দিতে থাকেন। এ সময় আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার সাদা পোশাকে সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের উপস্থিতির বিষয়টি বিবাদীরা স্থানীয় কয়েকজন সাংবাদিককে জানান।সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে জানানো হয়। পরে ওসির নির্দেশে আবুল বাশার সেখান থেকে ফিরে যান। আবুল বাশার ফিরে যাওয়ার পর বিবাদীদের আত্মীয় ও স্থানীয় ব্যক্তিরা দখলদারদের ধাওয়া করলে তাঁরা চলে যান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোহেল রানা মালিকানা দাবি করে এর আগে ১৩ নভেম্বর সন্ত্রাসীদের নিয়ে ওই জমিতে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন। তবে তাঁরা চলে যাওয়ার পর বিবাদীরা ওই সাইনবোর্ডটি ফেলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল রানা বাদী হয়ে ওই দিনই আশুলিয়া থানায় একটি মামলা করেন। মামলায় আদু মিয়ার পাঁচ ছেলেসহ ছয়জনকে আসামি করা হয়। এই মামলার পর থেকেই আসামিসহ তাঁদের পরিবারের সদস্যরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।আশুলিয়া থানার উপপরিদর্শক আবুল বাশার বলেন, ‘আগের মামলার তদন্ত করার জন্য আমি এর আগে রণস্থলে গিয়েছিলাম।’ তিনি দাবি করেন, গতকাল সংঘর্ষের খবর পেয়ে সেখানে গিয়েছিলেন। দখলদারদের পক্ষে সেখানে যাননি। আর হয়রানির অভিযোগ ঠিক নয়।তবে বিবাদী শামসুদ্দিন বলেন, ‘জমি দখলের জন্য মিথ্যা মামলায় পুলিশ দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। পুলিশের ভয়ে আমরা এখন পালিয়ে বেড়াচ্ছি। পুলিশ তদন্ত না করেই মামলাটি রজু করে আমাদের হয়রানি করছে।’ অভিযুক্ত সোহেল রানা বলেন, ‘ওয়ারিশ সূত্রে আমরা ওই জমির মালিক। তাই তা দখলের চেষ্টা চালাচ্ছি।’ থানায় মামলা দায়ের প্রসঙ্গে তিনি বলেন, ঘটনা ঘটেছে বিধায় থানায় মামলা করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘উপপরিদর্শক আবুল বাশারের রণস্থল যাওয়ার বিষয়টি জানার পরই আমি তাঁকে থানায় ফিরে আসার নির্দেশ দিই। আদালতের নির্দেশ ছাড়া জমির দখল-সংক্রান্ত কাজে ভূমিকা রাখার কোনো এখতিয়ার পুলিশের নেই। পুলিশের পক্ষ থেকে কোনো অন্যায় আচরণ করা হলে এবং ভুক্তভোগীরা আমার কাছে এলে প্রতিকারের ব্যবস্থা করব।’