মামলা নিয়ে আ.লীগ ও পুলিশের পাল্টাপাল্টি বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের সহিংসতার মামলার এজাহার থেকে হামলাকারীদের নাম বাদ দিতে আওয়ামী লীগের নেতারা লিখিত সুপারিশ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকেরা দলীয় প্যাডে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এসব সুপারিশ করেছেন। অর্থের বিনিময়ে তাঁরা এসব সুপারিশ করেন বলে অভিযোগ উঠেছে।অন্যদিকে ৩২টি মামলায় প্রায় ৬০ হাজার আসামি হওয়ার সুবাদে পুলিশও গ্রেপ্তার-বাণিজ্যে জড়িয়ে পড়েছে বলে ক্ষমতাসীন দলের নেতারা পাল্টা অভিযোগ করেছেন। তাঁরা বলেন, পুলিশ এজাহারভুক্তদের গ্রেপ্তার ও মামলায় নাম অন্তর্ভুক্ত করার ভয় দেখিয়ে উৎকোচ আদায় করছে।পুলিশ সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা তদন্তকেন্দ্রে পিটিয়ে চারজন পুলিশ হত্যা, রেলস্টেশন, মহিলা ভাইস চেয়ারম্যান, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় ৮ এপ্রিল পর্যন্ত সুন্দরগঞ্জ থানায় মোট ৩২টি মামলা দায়ের হয়। মামলায় আসামি করা হয় ৫৯ হাজার ৮৪৫ জন। এর মধ্যে এক হাজার ৩৬৪ জনের নাম উল্লেখ করা হয়। অবশিষ্ট ব্যক্তিদের অজ্ঞাত আসামি দেখানো হয়। ঘটনার দিন থেকে গত ৮ এপ্রিল পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৬৮ জন।অনুসন্ধানে জানা গেছে, এসব মামলার মধ্যে চার পুলিশ হত্যার ঘটনায় ৯১ জনের নাম উল্লেখ করে এবং দুই হাজার জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আবু হানিফ। এ মামলায় এজাহারভুক্ত ১১ জনের নাম বাদ দিতে ১৪ মার্চ দলীয় প্যাডে সুপারিশ করেছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম। বাদী আবু হানিফ বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ও যাচাই-বাছাই করেই হামলাকারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়।জানতে চাইলে মনজুরুল ইসলাম বলেন, এসব ব্যক্তি আওয়ামী লীগের কর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের হয়রানি করছে।বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু মিয়া সুন্দরগঞ্জ পৌর মেয়র জামায়াত নেতা নুরুন্নবী সরকারকে ২ নম্বর আসামি করে এজাহার দায়ের করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল অভিযোগ করেন, পুলিশ সুপারের চাপে মেয়রের নাম বাদ দিয়ে এজাহার সংশোধন করে মামলা নেয় পুলিশ। তবে পুলিশ সুপার নাহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন।আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতারাও সুপারিশ করা থেকে বাদ যাননি। অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়ার জন্য ২৮ মার্চ সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে সুপারিশ করেন বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান আলী। সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রণজিত কুমার উপজেলার ধুপনি কঞ্চিবাড়ি বাজারের দোকান ও উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর মামলার এজাহারভুক্ত সাতজনের নাম বাদ দিতে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সুপারিশ করেন।উপজেলার বেলকা বাজারের হায়দার আলী বাদী হয়ে শান্তিরাম ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কাশেমকে ওই বাজারের দোকানপাট ভাঙচুর মামলার আসামি করেন। হায়দার আলী দাবি করেন, অর্থের বিনিময়ে আবুল কাশেমের নাম বাদ দিয়ে মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) এ কে এম নাহিদুল ইসলাম পুলিশের টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রেপ্তার-বাণিজ্যের অভিযোগ ভিত্তিহীন। বরং নাম বাদ দিতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাই পুলিশের কাছে সুপারিশ করেছেন।