মামলা নিয়ে দুশ্চিন্তায় বিএনপি প্রস্তুত জাপা ও আ.লীগ
ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নেতারা গণসংযোগ চালাচ্ছেন। দলগতভাবে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে জাতীয় পার্টিও। অন্যদিকে বিএনপি মনোনয়নপ্রত্যাশী নেতারা বিভিন্ন মামলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, দুই মাস আগে থেকেই সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রচারণা চালিয়ে আসছেন। এর মধ্যে রয়েছেন বিএনপি-সমর্থিত বর্তমান মেয়র ও নান্দাইল পৌর বিএনপির (একাংশ) সহসভাপতি এ এফ এম আজিজুল ইসলাম, উপজেলা যুবদলের নেতা এম আলমগীর সরকার, সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা রফিক উদ্দিন ভূঁইয়া, সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবদুস সাত্তার ভূঁইয়া এবং জাতীয় পার্টির সহসভাপতি শফিকুজ্জামান জুয়েল।
আওয়ামী লীগ সূত্র জানায়, ২১ নভেম্বর জেলা আওয়ামী লীগ সভা করে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি ভেঙে দিয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খানকে আহ্বায়ক ঘোষণা করে। নেতা-কর্মীরা মনে করছেন, মেয়র পদে সাংসদের ঘনিষ্ঠ রফিক উদ্দিন ভূঁইয়া দলের মনোনয়ন পাচ্ছেন।
সাংসদ আনোয়ারুল আবেদিন বলেন, মেয়র পদের প্রার্থী তিনি আগেই ঠিক করে রেখেছেন। এখন চিঠি দিয়ে বিষয়টি জেলা কমিটিকে জানিয়ে দেবেন।
বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটি ভেঙে দেওয়ায় নান্দাইলে দলের সাংগঠনিক কাঠামো দুর্বল হওয়ার পাশাপাশি আসন্ন পৌর নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বর্তমান মেয়র ও বিএনপি নেতা এ এফ এম আজিজুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে কিছু মামলা রয়েছে। এর সবই রাজনৈতিক। তারপরও নির্বাচন করতে চাই। কেন্দ্রীয় বিএনপির নির্দেশের অপেক্ষায় রয়েছি।’
বর্তমান মেয়র ও বিএনপি নেতা এ এফ এম আজিজুল ইসলামের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানায়, মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইতে পারেন। না পেলে কারাগারে থেকেও নির্বাচন করতে পারেন।
উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) জ্যেষ্ঠ সহসভাপতি হাসনাত মাহমুদ বলেন, ‘মেয়র পদে দলের সহসভাপতি মো. শফিকুজ্জামানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলগতভাবে নির্বাচনের ব্যাপারটি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের বিষয়। আমরা প্রস্তুতি নিচ্ছি।’