বরগুনার বামনা উপজেলার কিশোরী জেনির পরিবারের অভিযোগ, ধর্ষণের পর বখাটে তাপু ও তার বাবা মিলে জেনিকে হত্যা করেছে। কিন্তু লাশের ময়নাতদন্তের সঙ্গে জড়িত চিকিৎসক জানিয়েছেন, জেনি আত্মহত্যা করেছে, তবে তার আগে তাকে ধর্ষণ ও নির্যাতন করা হয়।বরগুনা জেনারেল হাসপাতালে গত বুধবার দুপুরে জেনির লাশের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত দলের প্রধান ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মান্নান।আবদুল মান্নান গতকাল বৃহস্পতিবার দুুপুরে সাংবাদিকদের বলেন, ময়নাতদন্তে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। তবে এর আগে তাকে ধর্ষণ ও নির্যাতন করার আলামত পাওয়া গেছে। কিশোরীর গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনে দগ্ধ করার ক্ষত রয়েছে।পরিবারের সংবাদ সম্মেলন: জেনির বাবা মোতালেব হাওলাদার ও মা হাসিনা খানম গতকাল বিকেলে বামনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জেনিকে ধর্ষণ ও নির্যাতনের পর হত্যা করা হয়েছে।হাসিনা খানম অভিযোগ করেন, বামনা থানায় তিনি যে মামলা করেছেন তার এজাহার তাঁকে লিখতে দেওয়া হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাহার লিখে তাঁর কাছ থেকে স্বাক্ষর নেন। এজাহার ওসি নিজেই লিখেছেন, জেনি আত্মহত্যা করেছে। মামলা ভিন্ন খাতে নেওয়ার জন্যই এটা করা হয়েছে।একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন হাসিনা খানম। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘দয়া করে জেনির ওপর নির্যাতন ও হত্যাকারীদের বিচার নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। তাহলে আমাদের মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না।’জেনির বাবা মোতালেব হাওলাদার বলেন, আসামিরা ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি। আর্থিকভাবেও তারা প্রতিপত্তিশালী। ক্ষমতা আর অর্থ দিয়ে বিষয়টিকে চাপা দেওয়ার জন্য তাঁর মেয়ের হত্যাকাণ্ডের ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।কান্নাজড়িত কণ্ঠে মোতালেব হাওলাদার বলেন, ‘আমরা গরিব ও ক্ষমতাহীন মানুষ। ন্যায়বিচারটুকু পাওয়ার বিষয়টি আমাদের নিশ্চিত করুন। না হলে ওরা আমাদেরও বাঁচতে দেবে না।’ওসির বক্তব্য: জেনির পরিবারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বামনা থানার ওসি আজম ফারুকী প্রথম আলোকে বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া হত্যা বা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হওয়ার উপায় নেই। তাই আমরা প্রাথমিকভাবে ধর্ষণ ও আত্মহত্যার মামলা নিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যাকাণ্ডের বিষয়টি প্রমাণিত হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।’বরগুনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে গত বুধবার সন্ধ্যায় জেনির লাশ নিয়ে যাওয়া হয় বামনা উপজেলার ছোট ভাইজোড় গ্রামের বাড়িতে। এ সময় জেনির ভাইবোন, আত্মীয়স্বজন আর উপস্থিত গ্রামের লোকজনের কান্না আর আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে বাড়ির আঙিনায় জানাজা শেষে রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ এ ঘটনার মূল হোতা বখাটে জিসান হায়দার মৃধা ওরফে তাপুকে গ্রেপ্তার করতে পারেনি। বামনা থানায় যোগাযোগ করা হলে পুলিশ কর্মকর্তারা বলেন, তাপুকে গ্রেপ্তারের জন্য পুলিশ নানামুখী চেষ্টা চালাচ্ছে।জেনির মায়ের ভাষ্য অনুযায়ী, গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাপু ও তার সহযোগীরা জেনির ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে। তিনি বাধা দিতে গেলে তারা তাঁকে পিটিয়ে আহত করে। এরপর মেয়েকে রক্ষার জন্য তিনি তাপুর বাড়িতে গেলে তাপুর বাবা ও পরিবারের সদস্যরা তাঁকে দেড় ঘণ্টা আটকে রাখে। ভোর পাঁচটার দিকে ছাড়া পেয়ে বাড়িতে এসে দেখেন, জেনির লাশ বাড়ির পেছনে বাতাবি লেবুগাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝোলানো। জেনি স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল।এ ঘটনায় তাপু ও তার বাবা বামনা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হায়দার হেমায়েত মৃধা এবং মা ও ফুপাসহ ছয়জনকে আসামি করে পরদিন বামনা থানায় মামলা করা হয়। পুলিশ ওই দিনই তাপুর বাবা, মা ও ফুপাকে গ্রেপ্তার করে।