মামলা নেই, তবু কারাগারে আনসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা না থাকলেও কারাবাস করছেন সুনামগঞ্জের রিকশাচালক আনসার আলী। ১ অক্টোবর থেকে তিনি সুনামগঞ্জ কারাগারে আটক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নামে পাঠানো একটি প্রতারণা ও আত্মসাতের মামলার গ্রেপ্তারি পরোয়ানায় ১ অক্টোবর আনসার আলীকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানার পুলিশ। ওই দিনই পুলিশ তাঁকে সুনামগঞ্জের বিচারিক হাকিম (আমলি) আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে ওই আদেশের অনুলিপি ঢাকার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। তবে সংশ্লিষ্ট আদালতে এই আনসার আলীর বিরুদ্ধে কোনো মামলার অস্তিত্ব পাওয়া যায়নি।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নালিশি মামলা-সংক্রান্ত নিবন্ধন খাতা খুঁজে দেখা যায়, ১৫৫/২০১২ নম্বরে একটি নালিশি মামলা রয়েছে। তবে ওই মামলার আসামির তালিকায় গ্রেপ্তার হওয়া আনসার আলীর নাম নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আনসার আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় যে সিল-স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, সেসব ভুয়া।
আনসার আলীর আইনজীবী শ্রী প্রাণনাথ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া আনসার আলী একজন রিকশাচালক। সুনামগঞ্জের বিচারিক হাকিম আদালত থেকে পাঠানো আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট আদালতে তাঁর জামিনের আবেদন করা হয়েছে। কিন্তু আদালতে এই আসামির নামে কোনো মামলার অস্তিত্ব নেই। পরোয়ানায় আদালতের নাম ব্যবহার করে দরিদ্র রিকশাচালক আনসারকে হয়রানির জন্য ভুয়া এই পরোয়ানা পাঠিয়েছে কেউ।
ঢাকার মহানগর হাকিম আদালতের নাজির মাহবুবুল আলম জানান, আনসার আলীর বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু বিভিন্ন আদালতের নাম ও সিল ব্যবহার করে পরোয়ানা পাঠানো হয়েছে। এর আগেও এমন জালিয়াতির ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ চক্র এ কাজ করছে। তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, পরবর্তী সময়ে বিচারক নিযুক্ত হয়েছেন—এমন ব্যক্তির বিরুদ্ধেও ভুয়া পরোয়ানা পাঠানো হয়েছিল। আদালত এলাকার কিছু দালাল আদালতে ও সাধারণ নিবন্ধন (জিআর) শাখার অবৈতনিক কিছু কর্মীর সহায়তায় এমন ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা তৈরি করে পাঠিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছে।
এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশনের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান বলেন, প্রতারণা ও আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় আদালতের নাম ও ভুয়া সিল এবং স্বাক্ষর দিয়ে আনসার আলীর নামে পরোয়ানা পাঠানো হয়। ওই পরোয়ানা দেখে তা যে ভুয়া, তা বোঝার উপায় থানার পুলিশের নেই। আসামিকে আদালতে হাজির করার পর সংশ্লিষ্ট আদালতে আদেশ পাঠানোর পর দেখা যাচ্ছে, ওই মামলার অস্তিত্বই নেই। পুলিশ ও আদালতের সঙ্গে সংশ্লিষ্ট কেউ এই বিষয়গুলোর সঙ্গে জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।