মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিভাগীয় স্টেডিয়ামের সীমানাপ্রাচীর ধসে নিহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করেনি পুলিশ৷ গত মঙ্গলবার রাতে বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছিল৷
শহরতলির লাক্কাতুরায় অবস্থিত স্টেডিয়ামের পূর্ব দিকের সীমানাপ্রাচীর গত সোমবার রাত দুইটার দিকে ধসে পড়ে৷ এতে দেয়ালচাপা পড়ে চাপারতল কলোনির আজান আলীর ঘর৷ এতে ঘটনাস্থলেই আজানের মেয়ে নাসিমা আক্তার (১৯), ছেলে জাহেদ আহমদ (১৬) ও ভাতিজা রুহুল আমিনের (১৫) মৃত্যু হয়৷
আজান আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘সীমানাপ্রাচীর নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি সংস্থাকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম৷ কিন্তু সেটি মামলা হিসেবে না নেওয়ায় মনে হচ্ছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে৷’
গতকাল বুধবার জানতে চাইলে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ এ দুটি কমিটির সরেজমিন তদন্ত শেষে ঘটনার জন্য সীমানাপ্রাচীর নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করা হলে ক্ষতিগ্রস্ত পরিবারের দায়ের করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হবে৷
চা-শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি: তিনজন নিহত হওয়ার এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন৷ এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সারা দিন চা-শ্রমিকেরা লাক্কাতুরা চা-বাগানে কর্মরিবতি পালন করে বিকেলে প্রতিবাদ সভা করেন৷ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হৃদেশ মুদির সভাপতিত্বে প্রতিবাদ সভায় ফেডারেশনের সিলেট জেলার আহ্বায়ক বীরেন সিং, লাক্কাতুরা চা-বাগানের শ্রমিক লাংকাট লোহার, অরুণ মুদি ও মরিয়ম বেগম বক্তব্য দেন৷ বক্তারা স্টেডিয়াম নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতির কারণে এমনটি ঘটেছে উল্লেখ করে অপরাধীদের চিহ্নিত করতে প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান৷