রাজশাহীতে নয় দিন ধরে নিখোঁজ যুবক মজিবরের সন্ধান গতকাল সোমবারও মেলেনি। এদিকে মজিবরকে অপহরণ করা হয়েছে দাবি করে তাঁর পরিবারের পক্ষে থানায় মামলা করতে চাইলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে।
মজিবরকে ‘অপহরণের’ পর সন্ত্রাসীদের হুমকিতে তাঁর পরিবার গতকাল সোমবার সকালে শহর ছেড়ে গ্রামের বাড়ি চলে গেছে। মজিবর স্ত্রী ও আট বছরের এক সন্তান নিয়ে রাজশাহী নগরের বহরমপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। তাঁর গ্রামের বাড়ি বাগমারা উপজেলার মাঝগ্রামে।
মজিবরের ভাই আহসান হাবিবের ভাষ্য অনুযায়ী, গত শনিবার সকালে তাঁর ভাতিজা জয় মুঠোফোনে জানায়, গত ১ মার্চ থেকে তার বাবা মজিবরকে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া কিছু সশস্ত্র সন্ত্রাসী বাড়ি থেকে তাকে ও তার মাকে বের হতে দিচ্ছে না। ফোন পেয়ে তাৎক্ষণিক তিনি বাগমারা থেকে ভাইয়ের বাসায় যান। পরে এলাকায় ভাইকে খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয় কিছু যুবক তাঁকে ধরে বহরমপুর যুব সংঘ নামের এক ক্লাবে আটকে ৬০ হাজার টাকা দাবি করে। সেখান থেকে পুলিশ গত রোববার তাঁকে উদ্ধার করে।
আহসান অভিযোগ করেন, তাঁকে উদ্ধারের সময় ওই যুবকদের চারজনকে রাজপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় ভাইকে অপহরণের অভিযোগে মামলা করতে চাইলে পুলিশ তা নেয়নি। পরে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮-১০ জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র লেখেন। কিন্তু সেটিও থানার পরিদর্শক সিরাজুম মনিরের নির্দেশে ছিঁড়ে ফেলা হয়। একপর্যায়ে মজিবর নিখোঁজ রয়েছে মর্মে একটি জিডি লিখে তাতে মজিবরের স্ত্রী মাহাফুজা খাতুনের সই নেওয়া হয়েছে।