আদালত অবমাননার মামলা পরিচালনার জন্য সরকারের আর্থিক সহায়তা চান আমলারা। এ জন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে প্রস্তাবিত ‘আদালত অবমাননা আইন’ সংশোধনের সুপারিশ করেছেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি আমলাদের প্রস্তাবে আপাতত সম্মতি জানায়নি। আর্থিক সংশ্লিষ্টতা থাকায় তারা এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আমলাদের অ্যাসোসিয়েশনের নেতা গণপূর্ত সচিব খন্দকার শওকত হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মরতুজা আহমেদ, জনপ্রশাসনের যুগ্ম সচিব রইছউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শামীম ইকবাল ও মাকছুদুর রহমান পাটোয়ারী অংশ নেন। সূত্র জানায়, আমলা নেতারা প্রস্তাব করেছেন, আদালত অবমাননার দায়ে অভিযুক্ত সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত খরচে মামলা পরিচালনা করবেন। তবে অভিযুক্ত কর্মকর্তা আদালতে নির্দোষ প্রমাণিত হলে মামলা পরিচালনায় ব্যয় হওয়া যাবতীয় টাকা সরকার ওই কর্মকর্তাকে ফেরত দেবে। আদালত অবমাননা আইন ১৯২৬ অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের আদালত অবমাননার দায় ব্যক্তিগতভাবে বহন করতে হয়। সূত্র জানায়, আমলা নেতারা বলেছেন, আদালত অবমাননার দায়ে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের পক্ষে আইনজীবীর পারিশ্রমিক ও আদালতের ফি ব্যয় বহন করা কঠিন। এ জাতীয় মামলার কারণে সরকারি কর্মকর্তাদের অনেকেই দাপ্তরিক কাজে নিরুৎসাহিত হয়ে পড়েন। জানতে চাইলে কমিটির সদস্য নুরুল ইসলাম সুজন প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেটা কমিটি বিবেচনায় নিয়েছে। তবে আরও একাধিক পক্ষের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রস্তাবিত আদালত অবমাননা আইন ২০১২ গত ১৪ জুন বিল আকারে সংসদে উত্থাপিত হয়। এ আইনের ১১(৩) ধারায় বলা আছে, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপিত হলে ওই ব্যক্তি সরকার বা নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমোদন নিয়ে সরকারি আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা করতে পারবে। তবে মামলায় সংশ্লিষ্ট ব্যক্তি আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে সেই ব্যক্তিকে ওই মামলায় সরকারের ব্যয় হওয়া যাবতীয় খরচ ফেরত দিতে হবে। উত্থাপনের পর সংসদীয় কমিটি বিলটির ব্যাপারে সুপ্রিম কোর্টের মতামত চেয়ে আইন মন্ত্রণালয়কে চিঠি দেয়। পরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট বিলের ১১(৩) ধারা বাতিলের সুপারিশ করে সংসদীয় কমিটিকে চিঠি দেয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট উপধারা দুটি সংবিধানের ১১২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধানের ১১২ অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানায় অন্তর্ভুক্ত সব নির্বাহী বিভাগ ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে সহায়তা করবে।সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ পাওয়ার পর সংসদীয় কমিটি বিলটি পর্যালোচনার জন্য ফজলে রাব্বি মিয়াকে আহ্বায়ক করে একটি উপকমিটি গঠন করে। গত মঙ্গলবারের বৈঠকে উপকমিটি এ বিষয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তাতে ১১(৩) ধারা বাতিলের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে কমিটির ব্যাখ্যায় বলা হয়েছে, বিধানটি বহাল থাকলে আমলারা নিজেদের ইচ্ছামতো ব্যয় করবেন এবং এতে সরকারের বিশাল অঙ্কের টাকা ব্যয় হবে। জানতে চাইলে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান প্রথম আলোকে বলেন, ‘বিলটির ব্যাপারে আপাতত আমাদের কিছু বলার নেই। সরকার এবং সংসদ যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা মেনে নেব।’