মামলা, পাঁচ আসামির রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূবালী ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ৫০ লাখ টাকা ‘খোয়া’ যাওয়ার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের সিডিএ করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. তৌফিকুর রহমান বাদী হয়ে সীতাকুণ্ড থানায় এ মামলা করেন। আসামিরা হলেন সিডিএ করপোরেট শাখার কর্মকর্তা (জুনিয়র অফিসার-ক্যাশ) রাজিবুর রহমান, ব্যাংকের নিরাপত্তারক্ষী মো. আশিকুর রহমান, তানজুর রহমান, মাজহারুল ইসলাম ও গাড়িচালক বিজয় কুমার দাশ।
খোয়া যাওয়া টাকার রহস্য জানতে পাঁচ আসামিকে সাত দিন করে রিমান্ডে নিতে গতকাল শুক্রবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দের আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) রিয়াদ মাহমুদ। আদালত গাড়িচালক বিজয় কুমার দাশকে এক দিন এবং ব্যাংক কর্মকর্তা রাজিবুর রহমানসহ তিন নিরাপত্তারক্ষীর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে প্রথম আলোকে জানান চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান।
গত বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের নিজস্ব গাড়ি থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা খোয়া যায়। গাড়িতে ওই পাঁচজন ছিলেন।
তদন্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ প্রথম আলোকে বলেন, খোয়া যাওয়া টাকার বিষয়ে রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
মামলার বাদী মো. তৌফিকুর রহমান প্রথম আলোকে বলেন, টাকা খোয়া যাওয়ার বিষয়টি ব্যাংকের প্রধান কার্যালয়কে জানানো হয়েছে। আজ (শুক্রবার) ছুটির দিন হওয়ায় আসামিদের বিরুদ্ধে দাপ্তরিক কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।