রাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসী কিশোরী সিরাপিনা মার্ডির আত্মহত্যার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার ১০ আসামির তিনজনকে রিমান্ডে নেওয়ার জন্য গতকাল বৃহস্পতিবার আদালতে আবেদন করেছে পুলিশ। এদিকে গণধর্ষণের মামলা পুনরুজ্জীবিত করতে ভয় পাচ্ছেন ওই কিশোরীর বাবা।পুলিশ সূত্রে জানা গেছে, ১০ আসামিকে গতকাল দুপুরে রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এদের মধ্যে গির্জার ফাদার বার্নাড টুডু এবং বিশ্বনাথ টুডু ও মনির মুরমুকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত আগামী রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এদিকে গতকাল দুপুরে গোদাগাড়ী উপজেলার আমতলী গ্রামে সিরাপিনার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির বারান্দায় জড়োসড়ো হয়ে শুয়ে আছেন সিরাপিনার বাবা কর্নেলিউস মার্ডি। মেয়ের গণধর্ষণের মামলা পুনরুজ্জীবন করবেন কি না, জানতে চাইলে তিনি অনেকক্ষণ চুপ থাকেন। এরপর জানান, তিনি ধর্ষকদের বিচার চান কিন্তু মামলা করতে ভয় পাচ্ছেন। কারণ, আদিবাসী পল্লির বেশির ভাগ মানুষই আসামিদের পক্ষের লোক।রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এস এম রোকন উদ্দিন জানান, আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে সালিসের মাতব্বরদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে অবশ্যই নিহত সিরাপিনার বাবাকে মামলা পুনরুজ্জীবিত করার জন্য আদালতে আবেদন করতে হবে।গত এপ্রিল মাসে গণধর্ষণের শিকার হয় গোদাগাড়ী উপজেলার আমতলী গ্রামের আদিবাসী কিশোরী সিরাপিনা মার্ডি (১১)। এ ঘটনায় তার বাবা মামলা করলেও পরে সালিসে মধ্যস্থতার মাধ্যমে মামলা তুলে নেন। কিন্তু ধর্ষণের ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়ে ১৯ ফেব্রুয়ারি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগায় সিরাপিনা। গত রোববার রাতে সে মারা যায়।