মামলা পুনরুজ্জীবিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি শামসুর রাহমানকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলাটি পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছে পুলিশ। সাক্ষীর অভাবে ১২ বছর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলাটি খারিজ করে দিয়েছিলেন।
পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের সহকারী উপকমিশনার মো. মিরাশ উদ্দিন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আলোচিত এই মামলাটি পুনরুজ্জীবিত করতে তাঁরা ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করেছেন। এ বিষয়ে মতামত চেয়ে পুলিশের সদর দপ্তরে চিঠি পাঠানো হবে। সেখান থেকে অনুমতি মিললে মামলা পুনরুজ্জীবিত করতে আদালতে আবেদন করা হবে।
মিরাশ উদ্দিন বলেন, সম্প্রতি তাঁদের কাছে ২১ আগস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ বেশ কিছু মামলার বিষয় জানতে তথ্য চেয়ে চিঠি পাঠায় সিআইডি। ওই মামলাগুলোর খোঁজ নিতে গিয়ে কবি শামসুর রাহমানকে হত্যাচেষ্টা মামলাটি তাঁদের নজরে আসে। এরপর তাঁরা এ উদ্যোগ নেন।
১৭ বছর আগে ১৯৯৯ সালের ১৮ জানুয়ারি কবি শামসুর রাহমানের রাজধানীর শ্যামলীর বাড়িতে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় কবির পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়।
মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তৎকালীন সহকারী পুলিশ সুপার কর্মকর্তা আবদুল কাহ্হার আকন্দ। তিনি ১৯৯৯ সালের ৮ জুলাই সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। আসামিরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে মাহতাব উদ্দিন, হবিগঞ্জের লাখাই উপজেলার এ কে আবদুল আজিজের ছেলে ফজলে এলাহী আহসান ওরফে হাছান, খুলনার রূপসা উপজেলার শেখ আকরাম হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন, বগুড়ার আদমদীঘি উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে তারেক আজিজ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, নাজিম ওরফে নাসির উদ্দিন, আবদুর রহমান, শফিকুর রহমান। আসামিদের মধ্যে প্রথম চারজন গ্রেপ্তার ছিলেন। কবি শামসুর রাহমান ২০০৬ সালের ১৭ অগাস্ট মারা যান।