লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ভারতীয় ছিটমহলের অধিবাসীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও ভূমি মালিকানা জরিপের দাবিতে ছিটমহল ইউনাইটেড কাউন্সিল (এসইউসি) সংবাদ সম্মেলন করেছে। কুচলিবাড়ী ইউনিয়নে অবস্থিত ভারতীয় ৪ নম্বর বড় খেঙ্গির ছিটমহলের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার বিকেলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভারত-বাংলাদেশের ১১১টি ছিটমহলের বাসিন্দাদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করে এসইউসি। সম্মেলনে লিখিত বক্তব্য দেন এসইউসির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোলাম মতিন (রুমি)। ভূমি মালিকানা ও মানবিক স্বার্থ নিশ্চিত করতে ভারত-বাংলাদেশ উভয় সরকারের যৌথ উদ্যোগে ভূমি মালিকানা জরিপ করার ও জরিপে এসইউসিকে সম্পৃক্ত করার দাবি জানান তিনি। প্রশাসনকে সতর্ক করে তিনি বলেন, প্রয়োজনে সব ছিটমহলের অধিবাসীরা কঠোর আন্দোলনের ডাক দেবেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, যুগ যুগ ধরে ছিটমহলে বসবাসকারী অধিকাংশ অধিবাসীর জমিজমার কাগজপত্র প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে। সে সুযোগে কতিপয় প্রভাবশালী, স্বার্থান্বেষী মহল জমি দখল করে চলেছে। ভূমি জরিপ না করে ছিটমহল বিনিময় কার্যকর করলে ছিটমহলের বাসিন্দারা ভূমি হারাবেন। হাজার হাজার ছিটমহলবাসীকে নিজ ভূমি থেকে তাড়িয়ে দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল হবে।
গোলাম মতিন অভিযোগ করেন, ছিটমহলের বাসিন্দা হলেও মিথ্যা মামলায় তাঁকে ১৭ জানুয়ারি আটক করা হয়। তাঁকে ১৮২ দিন জেলেও থাকতে হয়। এ ছাড়া এখন পর্যন্ত পুলিশ মিথ্যা মামলায় নয়জন ছিটমহলবাসীকে আটক করে হয়রানি করছে। সমাবেশে বিভিন্ন ছিটমহলের অধিবাসীরা অংশ নেন।