মামলা প্রত্যাহার করতে বাদীর ওপর চাপ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার তিতারকান্দী গ্রামের ইসমাইল হোসেন ওরফে খোকন হত্যার ঘটনায় আদালতে চার পুলিশের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে বাদীর ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে অভিযোগ পাওয়া গেছে৷
মামলার বাদী ও ইসমাইল হোসেনের স্ত্রী নাহিদা আক্তার বলেন, ১৫ জুন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল বাশার, দাসেরহাট পুলিশ ফাঁড়ির এসআই কামাল, একই ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সরোয়ার, সদর থানার এসআই জিল্লুর রহিম এবং নিহত ব্যক্তির তিন ভাই আবুল কাশেম, আবুল হাসেম ও মো. মানিককে আসামি করে লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তিনি হত্যা মামলা করেন৷ এর পর থেকে মামলা তুলে নিতে পুলিশের কর্মকর্তারা বেশ কয়েকবার তাঁর ওপর চাপ প্রয়োগ করেছেন৷ সাক্ষীদের সাক্ষ্য না দেওয়ার জন্যও হুমকি দিচ্ছেন৷
তিনি বলেন, ২ জুন সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দী এলাকা থেকে সাত-আটজনের সাদাপোশাকধারী পুলিশ অস্ত্রের মুখে ইসমাইল হোসেন ও নবাব ওরফে সবুজ নামের দুজনকে মাইক্রোবাসে উঠিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যান৷ ওই রাতেই ইসমাইল গুলিবিদ্ধ হয়ে মারা যান৷
সদর থানার এসআই জিল্লুর রহিম বলেন, সন্ত্রাসীদের দুই দলের মধ্যে গুলিবিনিময়ের সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইসমাইল হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন৷ খবর পেয়ে পুলিশ কাঁঠালী গ্রামের পোরেরগোড়া এলাকা থেকে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি মারা যান৷
এসআই কামাল, এএসআই সরোয়ার, এসআই আবুল বাশার ও এসআই জিল্লুর বলেন, তাঁরা ইসমাইল হত্যার সঙ্গে জড়িত নন। হত্যা মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগও সত্য নয়৷
পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান বলেন, দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইসমাইল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন৷ কিন্তু এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি বিশেষ মহল পুলিশের বিরুদ্ধে এ সাজানো হত্যা মামলা দায়ের করেছে৷