চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে হতাহতের ঘটনায় আদালতের নির্দেশ অনুসরণ না করার অভিযোগে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর নোটিশ পাঠানো হয়েছে। এতে এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে।
ছয়টি সংগঠনের পক্ষে আজ মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে ওই আইনি নোটিশ পাঠানো হয়। ছয় সংগঠন হচ্ছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি, সেফটি অ্যান্ড রাইটস ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
গত ১৭ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় নির্মাণাধীন কয়লাবিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। বাঁশখালী সদর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে এস আলম গ্রুপের মালিকানায় এসএস পাওয়ার প্ল্যান্ট নামে এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।
ওই ঘটনায় ওই ছয়টি সংগঠন পৃথক দুটি রিট করে। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৪ মে হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
নোটিশদাতা আইনজীবী সাঈদ আহমেদ কবীর প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট সেখানকার শ্রমিক ও এলাকবাসীকে যাতে কোনো ধরনের হয়রানি না করা হয়, তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছিলেন। এরপরও এলাকার ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে ২৭ মে এস আলম গ্রুপের চিফ কো-অর্ডিনেটর বাঁশখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন; যা আদালতের নির্দেশ অবমাননার শামিল।
তাই এস আলম গ্রুপের এমডি এবং বাঁশখালী থানার ওসির বরাবর আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। এতে তিন দিনের মধ্যে ওই মামলা প্রত্যাহার অনুরোধ জানানো হয়েছে।’