মামলা প্রত্যাহার ঠেকাতে আপত্তির শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেট আওয়ামী লীগের নেতা শফিক উদ্দিনের বিরুদ্ধে করা হত্যা মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহার ঠেকাতে আদালতে দাখিলকৃত আপত্তির শুনানি এক সপ্তাহ পেছানো হয়েছে। নিহতের ভাই মুহিবুর রহমান হত্যা মামলাটি করেছিলেন। তাঁর পক্ষে আইনজীবী সুহেল আহমদ চৌধুরী সম্প্রতি ওই আপত্তি দাখিল করেন।
সিলেটের অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতে দাখিল করা আপত্তির ওপর শুনানির দিন ধার্য ছিল গত রোববার। কিন্তু ওই দিন শুনানি হয়নি। গতকাল আদালত নতুন তারিখ ২৯ সেপ্টেম্বর ধার্য করেন। আইনজীবী সুহেল আহমদ নতুন তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৪ সালের ২৭ আগস্ট সিলেটের গোলাপগঞ্জে সরকারি চাকরিজীবী আবদুল ওয়াহিদ ওরফে খলু মিয়াকে গুলি করে হত্যা করা হয়। জমিসংক্রান্ত বিরোধে ওই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর বাদী মুহিবুর রহমান গোলাপগঞ্জের তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রসংসদের ভিপি শফিক উদ্দিনকে প্রধান আসামি করে ওই হত্যা মামলা করেন।
হত্যা মামলায় শফিক উদ্দিনসহ পাঁচজনকে যাবজ্জীবন ও অন্য ছয়জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেন উচ্চ আদালত।
হত্যাকাণ্ডের পর থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা শফিক উদ্দিন সম্প্রতি দেশে এসে আদালতে আত্মসমর্পণ করেন এবং অসুস্থতার কারণ দেখিয়ে উচ্চ আদালত থেকে জামিন নেন। একই সঙ্গে মামলাটির পুনর্বিচার শুরু হয়। এ অবস্থায় পুরো ঘটনাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ আখ্যা দিয়ে শফিক উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।