মামলা প্রত্যাহার না করতে আপত্তির ওপর শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেট আওয়ামী লীগের নেতা শফিক উদ্দিনের বিরুদ্ধে করা হত্যা মামলা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বিবেচনায় প্রত্যাহার ঠেকাতে আদালতে দাখিল করা আপত্তির ওপর গতকাল রোববার শুনানি হয়নি। নিহতের ভাই মুহিবুর রহমান মামলাটি করেছিলেন। তাঁর পক্ষে আইনজীবী সুহেল আহমদ সম্প্রতি ওই আপত্তি দাখিল করেন।
সিলেটের অতিরিক্ত দায়রা জজ (প্রথম) আদালতে দাখিল করা আপত্তির ওপর শুনানির দিন ধার্য ছিল গতকাল রোববার। আইনজীবী সুহেল আহমদ চৌধুরী জানান, গতকাল শুনানির দিন ধার্য থাকলেও তা হয়নি। নতুন করে দিন ধার্য হবে।
২০০৪ সালের ২৭ আগস্ট সিলেটের গোলাপগঞ্জে সরকারি চাকরিজীবী আবদুল ওয়াহিদকে গুলি করে হত্যা করা হয়। জায়গাজমির বিরোধে ওই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর মুহিবুর ছাত্রলীগের গোলাপগঞ্জ শাখার তৎকালীন সভাপতি ও স্থানীয় ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি শফিক উদ্দিনকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নিম্ন আদালতে শফিক উদ্দিনসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৫ সালের ১৯ ডিসেম্বর আদালত শফিক উদ্দিন, নিজাম উদ্দিন, ফজলুল হক, কান্তি কুমার শর্মা ও রাজা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন। দোষী ব্যক্তিদের মৃত্যুদণ্ড চেয়ে বাদী আপিল করলে ওই পাঁচজনকে যাবজ্জীবন ও অন্য ছয়জনকে পাঁচ বছর করে কারাদণ্ড প্রদান করেন উচ্চ আদালত।
হত্যাকাণ্ডের পর থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা শফিক উদ্দিন সম্প্রতি দেশে এসে আদালতে আত্মসমর্পণ করেন এবং অসুস্থতার কারণ দেখিয়ে উচ্চ আদালত থেকে জামিন নেন। একই সঙ্গে মামলাটির পুনর্বিচার শুরু হয়। এ অবস্থায় পুরো ঘটনাকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ আখ্যা দিয়ে শফিক উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।