মামলা প্রত্যাহার না করলে নাগরিক সেবা বন্ধের হুমকি
যশোর পৌরসভার মেয়র, কাউন্সিলরসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করলে আগামী রোববার থেকে তিন দিন বর্জ্য অপসারণসহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করার হুমকি দিয়েছে পৌর কর্মচারী ইউনিয়ন। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা ওই হুমকি দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পৌরসভার আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক আফজাল হোসেন। তিনি বলেন, গত ২১ এপ্রিল একদল ভূমিদস্যু যশোর পৌরসভার নিয়ন্ত্রণাধীন সারথি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জমি দখল নিতে যায়। এ সময় তারা স্কুলে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে এলাকাবাসী, পুলিশ প্রশাসন ও পৌরসভার মেয়র মারুফুল ইসলামের হস্তক্ষেপে ভূমিদস্যুরা পালিয়ে যায়। এরপর আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে মেয়র মারুফুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আইউব আলী খান, স্থানীয় কাউন্সিলর নাজির আহমেদসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
সংবাদ সম্মেলনে যশোর পৌর কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘ষড়যন্ত্রমূলক ওই মামলা প্রত্যাহারের দাবিতে ২৫ দিন ধরে নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করে আসছি। বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন করেছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস পাওয়া যায়নি। এ কারণে মামলা প্রত্যাহারের জন্য শনিবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রত্যাহার না হলে পানি ও আলো ছাড়া পৌরসভার সমস্ত সেবা বন্ধ করে দেওয়া হবে।’
সংবাদ সম্মেলন শেষে কর্মচারী নেতারা জেলা প্রশাসকের কাছে দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন।