মামলা প্রত্যাহার না করায় ছাত্রলীগ নেতার নির্যাতন
বরগুনার আমতলী উপজেলায় এক গৃহবধূ ও তাঁর বাবার ওপর নির্যাতন চালানো হয়েছে। ওই গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা একটি মামলা প্রত্যাহার না করায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ কয়েকজন গত রোববার এ নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আসামিপক্ষের হুমকির কারণে ওই গৃহবধূ মামলা করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি সমঝোতা করার জন্য গত মঙ্গলবার আসামিপক্ষের লোকজনের উদ্যোগে আমতলী পৌর কার্যালয়ে এক সালিস-বৈঠকের আয়োজন করা হয়। এতে পৌর মেয়র নাজমুল আহসান, কয়েকজন কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তি, আসামিপক্ষের লোকজন ও ওই গৃহবধূ উপস্থিত ছিলেন। বৈঠকে ওই গৃহবধূর বাবার চিকিৎসার জন্য অভিযুক্ত ব্যক্তিদের ছয় হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এ ঘটনার জন্য ছাত্রলীগের কর্মী রাসেল মৃধা এবং রাসেল নামের অপর এক যুবককে বেত্রাঘাত করা হয়। ছাত্রলীগের সভাপতি এ ঘটনার জন্য ক্ষমা চান।সালিসে উপস্থিত পৌর কাউন্সিলর আফজাল হোসেন বলেন, ‘বিষয়টি পৌর মেয়রসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে আমরা মিটমাট করে দিয়েছি। তবে ধর্ষণচেষ্টা মামলার ব্যাপারে সালিসে কোনো সমঝোতা হয়নি।’ওই গৃহবধূ বলেন, ‘আমরা অত বড় ক্ষমতাবান মানুষের লগে বিবাদ কইর্যা ক্যামনে বাঁচমু, সালিসে যা অইছে, তাই মানতে অইবে।’উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান বলেন, ‘মামলা প্রত্যাহারে জন্য নয়, এলাকায় মদ-গাঁজার ব্যবসাসহ নানা অনৈতিক কাজ করে বলে তাঁদের মারধর করেছি।’ওই গৃহবধূ অভিযোগ করেন, ২০০৯ সালের ৩ নভেম্বর প্রতিবেশী জাফর আমতলী পৌর এলাকার পশ্চিম মাথার একটি ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ ঘটনায় তিনি জাফরসহ কয়েকজনের বিরুদ্ধে ২০ নভেম্বর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ (বরগুনা) মামলা করেন।গৃহবধূ ও তাঁর বাবা আরও অভিযোগ করেন, রোববার সন্ধ্যার পর যুবলীগের এক নেতা লোক পাঠিয়ে তাঁর (গৃহবধূর) বাবাকে ডেকে একটি ক্লাব ঘরে নিয়ে যান। সেখানে তাঁর বাবাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। কিন্তু তাঁদের কথা না শোনায় আবদুর রহমান অভিযুক্ত জাফরের ছোট ভাই রাসেলসহ কয়েকজন মিলে তাঁর বাবাকে পেটান।গৃহবধূ আরও অভিযোগ করেন, খবর পেয়ে তিনি ওই ক্লাব ঘরে গেলে ছাত্রলীগের নেতা ও তাঁর সহযোগীরা তাঁকে (গৃহবধূ) ও তাঁর মাকে মারধর করেন। তিনি তাঁর বাবাকে গুরুতর আহত অবস্থায় সোমবার বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেছেন।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেমায়েত উদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করেছি। এ ঘটনায় মামলা করার জন্য নির্যাতিত মহিলাটি গত সোমবার রাতে থানায় এসেছিলেন, কিন্তু মামলা না করে ফিরে গেছেন।’