খাগড়াছড়ির দীঘিনালায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আঞ্চলিক প্রশাসনিক পরিচালক দেবদন্ত ত্রিপুরাসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে চারটি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার মামলা প্রত্যাহারের দাবিতে ইউপিডিএফ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলায় নারী পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে হরতালের ডাক দেওয়ার কর্মসূচি দেবে বলে জানিয়েছে ইউপিডিএফ।
গতকাল সকালে ইউপিডিএফ বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দীঘিনালা ডিগ্রি কলেজ মোড় এলাকায় সমাবেশ করে। ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুব নেতা জীবন চাকমা, লালন চাকমা, মঞ্জু চাকমা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আমরা প্রধানমন্ত্রীর সমাবেশে যেতে কাউকে বাধা সৃষ্টি করি নাই। ওই দিন আমাদের অবরোধ থাকলেও আমাদের কোনো কর্মী রাস্তায় ছিল না। ইউপিডিএফের গণতান্ত্রিক আন্দোলনকে বাধা সৃষ্টি করার জন্য আমাদের আঞ্চলিক প্রশাসনিক পরিচালক দেবদন্ত ত্রিপুরাসহ নেতা-কর্মীদের নামে চারটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বক্তারা আগামী পাঁচ দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে হরতালসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়ার ঘোষণা দেন। ১১ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভায় লোকজনকে যেতে বাধা, বেআইনি সমাবেশ, প্রতিরোধ, আক্রমণ, ভয়ভীতি প্রদর্শন ও হুকুম দেওয়ার অভিযোগে ১৩ নভেম্বর পুলিশ বাদী হয়ে ইউপিডিএফের নেতা-কর্মীদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেন।